Asha – Lata: ‘রক্ত জলের চেয়ে ঘন’, ২ বোনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা? লতার সঙ্গে সম্পর্ক নিয়ে কী বলেছিলেন আশা?

৯২ বছর বয়সে আশা ভোঁসলে-র প্রয়াণ শুধু ভারতীয় সংগীতজগতকেই নয়, তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে বহু পুরনো স্মৃতিকেও আবার সামনে নিয়ে এসেছে। বিশেষ করে তাঁর বড় বোন লতা মঙ্গেশকর-এর সঙ্গে সম্পর্ক নিয়ে, দীর্ঘদিনের জল্পনা নতুন করে আলোচনায় এসেছে।
দীর্ঘ কয়েক দশক ধরে এই দুই কিংবদন্তি কণ্ঠস্বরকে, প্রায়ই প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরা হয়েছে। তবে বাস্তবে এই ধারণাকে বারবার খারিজ করেছেন দুই বোনই। এক অকপট সাক্ষাৎকারে আশা ভোঁসলে স্পষ্ট করে বলেছিলেন, “মানুষ গল্প বানিয়ে ঝামেলা তৈরি করতে ভালোবাসে, কিন্তু রক্ত জলের চেয়ে ঘন।” এই এক বাক্যেই যেন তাঁদের সম্পর্কের গভীরতা এবং পারিবারিক বন্ধনের শক্তি ফুটে ওঠে।
Lata Mangeshkar-Asha Bhonsle: ৯২-তেই থামল সুরের জাদু, লতা-আশার জীবনে আশ্চর্য মিল
তিনি আরও জানিয়েছিলেন, অনেক সময় ইন্ডাস্ট্রির কিছু আচরণই এই ভুল ধারণাকে আরও উসকে দিত। আশা বলেছিলেন, “আমার মনে আছে, আমরা দু’জন একই অনুষ্ঠানে থাকলেও, অনেকেই আমাকে উপেক্ষা করে শুধু ওর সঙ্গেই কথা বলত- যেন ওদের আনুগত্য প্রমাণ করতে হবে।” এই অভিজ্ঞতা যদিও কষ্টদায়ক ছিল, তবুও তা তাঁদের ব্যক্তিগত সম্পর্কে কোনও প্রভাব ফেলেনি। বরং পর্দার আড়ালে তাঁদের সম্পর্ক ছিল স্নেহ, শ্রদ্ধা এবং পারস্পরিক বোঝাপড়ায় ভরপুর।
অন্যদিকে, লতা মঙ্গেশকরও জীবদ্দশায় এই গুজবের জবাব দিয়েছিলেন অত্যন্ত স্পষ্ট ভাষায়। তিনি বলেছিলেন, “আমাদের মধ্যে কখনও কোনও পেশাদার প্রতিদ্বন্দ্বিতা ছিল না। আশা সম্পূর্ণ আলাদা ধরনের গানের স্টাইল তৈরি করেছিল। ও যা করতে পারত, আমি তা পারতাম না।” এই মন্তব্যে প্রতিযোগিতার বদলে পারস্পরিক সম্মানই বেশি স্পষ্ট হয়ে ওঠে।
Asha Bhonsle Dies: নিষিদ্ধ গান থেকে সুপারহিট, ‘দম মারো দম’-এ আইকনিক আশা, শোকজ্ঞাপন ঊষার
দুই বোনের এই সাফল্যের গল্প শুরু হয়েছিল কঠিন সংগ্রামের মধ্য দিয়ে। তাঁদের বাবা দীননাথ মঙ্গেশকর-এর মৃত্যুর পর অল্প বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল। খুব ছোটবেলা থেকেই গান গাওয়া শুরু করেন তাঁরা, এবং ধীরে ধীরে পুনে, কোলহাপুর ঘুরে মুম্বইয়ে নিজেদের জায়গা তৈরি করেন।
সময়ের সঙ্গে সঙ্গে আশা ভোঁসলে এবং লতা মঙ্গেশকর-দু’জনেই হয়ে ওঠেন নিজ নিজ ক্ষেত্রে কিংবদন্তি। হাজার হাজার গান, অসংখ্য ভাষা এবং অগণিত শ্রোতার ভালোবাসা তাঁদের সঙ্গীতজীবনকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। যদিও মিডিয়া প্রায়ই তাঁদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন খুঁজেছে, তাঁদের নিজের কথাই অন্য সত্য তুলে ধরে- একসঙ্গে লড়াই করে ওঠা দুই বোনের গল্প, যেখানে প্রতিদ্বন্দ্বিতা নয়, ছিল ভালোবাসা, শ্রদ্ধা আর অটুট পারিবারিক বন্ধন।



