0%

কাজে এল ফুটবলের টেকনিক! পায়ের কেরামতিতেই রান আউট, ভাইরাল ভিডিওয় মজে নেটিজেনরা 

বিশ্বকাপ শেষ হয়েছে দু’সপ্তাহ আগে। তবু ফুটবলের নেশা যে এখনও কাটেনি, তার প্রমাণ মিলল ক্রিকেট মাঠে। দিল্লি প্রিমিয়ার লিগের ম্যাচ। শেষ বলে জয়ের জন্য দরকার মাত্র ১ রান। ফিল্ডিং মিস করে বসেছিলেন হিম্মত সিং। কিন্তু মুহূর্তের মধ্যে দক্ষ ফুটবলারের মতো বাঁ পায়ের কেরামতিতে বলে লাথি মেরে সরাসরি স্টাম্পে আঘাত করেন। তাতেই রান আউট! ম্যাচ গড়ায় সুপার ওভারে। এমন রান আউট দেখে মজে নেটিজেনরা।

এমন অবিশ্বাস্য রান আউট দেখা গিয়েছে দিল্লি প্রিমিয়ার লিগে। সেখানে প্রথম সুপার ওভারের সাক্ষী থাকল অরুণ জেটলি স্টেডিয়াম। রুদ্ধশ্বাস লড়াইয়ে নির্ধারিত ওভারে ফল না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় সুপার ওভারে। যার নেপথ্যে ওই অবিশ্বাস্য রান আউট। বৃষ্টির জন্য ম্যাচটি ১৫ ওভারের করে দেওয়া হয়। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৫৬ রান তোলে নিউ দিল্লি টাইগার্স। ৬ ওভারে ২ উইকেটে ৩৭, তখনই বৃষ্টি নামে। বিরতির পর ম্যাচের রং বদলে দেন অধিনায়ক হিম্মত সিং ও লক্ষয় থারেজা। তৃতীয় উইকেটে তাঁদের জুটিতে ওঠে ১০১ রান। হিম্মত মাত্র ২৫ বলে ৬১ রান করেন। হাঁকান পাঁচটি ছক্কা, চারটি চার। ৪১ বলে অপরাজিত ৬২ রান করে ইনিংসকে টেনে নিয়ে যান লক্ষয়। ওয়ারিয়র্সের হয়ে সিদ্ধান্ত শর্মা ৩ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন।

১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক সময় ৫ উইকেটে ৮০ রানে ধুঁকছিল আউটার দিল্লি। সেখান থেকেই পালটা লড়াই শুরু করেন মনু শুক্লা। ১৭ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংসে ম্যাচে ফেরান দলকে। শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান। প্রথম বলেই চার মারেন শিবম শর্মা। পরের বলে নেন এক রান। তৃতীয় বলে নো বল ও ফ্রি-হিট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন মাত্র ১ রান। মিড-অফে মিসফিল্ড হিম্মত সিংয়ের। পরক্ষণেই বাঁ পায়ের দুরন্ত কিকে নন-স্ট্রাইকার এন্ডের স্টাম্প ভেঙে দেন। রান আউট হন বিপক্ষ ব্যাটার। হিম্মতের সতীর্থরাও তখন ক্যাপ্টেনের অবিশ্বাস্য কাণ্ডে হতচকিত। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে স্নায়ুর লড়াইয়ে শেষ হাসি হাসে আউটার দিল্লি ওয়ারিয়র্স। যদিও ম্যাচের ফলাফলের চেয়ে চর্চায় হিম্মত সিংয়ের রান আউট। ২৯ বছরের ক্রিকেটারের এই অভূতপূর্ব কীর্তি দেখে ধারাভাষ্যকাররা বলে ওঠেন, ‘গোওওওল! হিম্মতের দুরন্ত গোলে ম্যাচে ফিরল দল।’ বাঁ পায়ের এমন নিখুঁত শট দেখে নেটিজেনরাও প্রশংসায় পঞ্চমুখ। তাঁর সময়জ্ঞান এবং উপস্থিত বুদ্ধির তারিফ করছেন সকলেই।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker