0%

বাঁকিপুরে বাজিমাত প্রশান্ত কিশোরের! ৩০ বছরের দুর্ভেদ্য দুর্গ ধসে যেতেই অস্বস্তিতে বিজেপি

AK Bangla Desk: নিজেদের ‘পারিবারিক গড়’ হিসেবে পরিচিত বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে অপ্রত্যাশিত পরাজয়ের পর বড়সড় ধাক্কা খেল বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের ছেড়ে যাওয়া এই আসনটি প্রশান্ত কিশোরের দল ‘জনসুরাজ পার্টি’-র কাছে হাতছাড়া হওয়ায় স্বভাবতই চূড়ান্ত অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। এই ভরাডুবির প্রাথমিক কারণ হিসেবে অতিরিক্ত আত্মবিশ্বাস, নেতিবাচক মানসিকতা এবং দলের একাংশের চরম অহংবোধকেই দায়ী করছেন দলের শীর্ষ নেতাদের একাংশ। এমনকি বিহার ও কেন্দ্রে বিজেপির প্রধান দুই শরিক, নীতীশ কুমারের জেডিইউ এবং চিরাগ পাসওয়ানের এলজেপি-ও এই একই ইস্যুতে তোপ দেগেছে।

ভোটের প্রচার চলাকালীন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদের একটি বিতর্কিত মন্তব্য আগুনে ঘি ঢালে। তিনি দাবি করেছিলেন, “বিজেপির টিকিটে কুকুর বা বিড়ালকে দাঁড় করালেও বাঁকিপুরে জয় নিশ্চিত।” এই অহংকারী মন্তব্যকে এলাকার ভোটাররা একেবারেই ভালভাবে নেননি। জোটসঙ্গী এলজেপি-র এক সাংসদ তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, একজন প্রবীণ নেতা কীভাবে এমন অসংবেদনশীল মন্তব্য করতে পারেন? অন্যদিকে, দলেরই এক সাংসদ স্বীকার করেছেন যে, যোগ্য বিরোধী নেই মনে করে দল যা খুশি তা-ই সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিতে পারে না। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং বিজেপির নিজস্ব ভোটব্যাঙ্কও এবার পদ্ম প্রতীক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

নীতীশ কুমারের বদলে সম্রাট চৌধরীকে সামনে রেখে বিহারে বিজেপির এটিই ছিল প্রথম বড় পরীক্ষা, আর তাতেই চরম ব্যর্থতার মুখ দেখতে হল দলকে। জেডিইউ সূত্রের মতে, নীতীশ যেভাবে সমস্ত জাতপাতের সমীকরণ মিলিয়ে দলকে একসূত্রে বেঁধে রাখতেন, তা সম্রাট চৌধরীর পক্ষে সম্ভব হয়নি। জয়ী হয়ে এই ইস্যুতে সরব হয়েছেন প্রশান্ত কিশোরও। তিনি স্পষ্ট জানান, বিহারের মানুষ স্পষ্ট বার্তা দিয়েছেন যে কোনও প্রশ্নবিদ্ধ চরিত্র বা অপরাধমূলক পটভূমির মানুষকে তারা নেতৃত্ব হিসেবে দেখতে চান না।

১৯৯৫ থেকে টানা বিজেপি এবং নবীন কিশোর প্রসাদ সিন্‌হার পরিবারের দখলে থাকা এই ঐতিহ্যবাহী আসনে হারের পর মুখ খুলেছেন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন নিজেই। তিনি স্বীকার করেছেন যে বাঁকিপুরের রায় তাঁদের প্রত্যাশিত ছিল না। নতুনভাবে আত্মপর্যালোচনা ও বিশ্লেষণ করে আবারও মানুষের রায় ও আস্থা পুনরুদ্ধারের আশ্বাস দিয়েছেন তিনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker