জোড়া ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার দাপট! বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা

AK Bangla Desk: আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে চলেছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি চলবে। বর্তমানে মৌসুমি অক্ষরেখা ফিরোজপুর থেকে ডালটনগঞ্জ ও কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকা এবং অসমের উপরেও রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এই একাধিক আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবেই বাংলায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার আকাশ মূলত মেঘলা থাকবে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা দু’টিই বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া—এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে দু’-একটি জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কলকাতা-সহ সাত জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
শনিবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে। তবে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা ক্রমশ কমবে। অতি ভারী বৃষ্টির কোনও সতর্কতা না থাকলেও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে এবং সপ্তাহান্তে উত্তরবঙ্গের আবহাওয়ার আরও উন্নতি হতে পারে।



