0%

বস্ত্র শিল্প সম্মেলন থেকে বাম ও তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর, বাংলায় বিনিয়োগের আহ্বান

জয় চক্রবর্তী: রাজ্যে শিল্পায়নের নতুন পরিবেশ গড়ে তোলার বার্তা দিয়ে বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার মিলন মেলা প্রাঙ্গণে বস্ত্র শিল্প সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, গত প্রায় পাঁচ দশকে পশ্চিমবঙ্গ শিল্প ও উন্নয়নের নিরিখে পিছিয়ে পড়েছে।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, “৩৪ বছরের বাম শাসন এবং ১৫ বছরের তৃণমূল সরকারের সময়ে বাংলা শুধুই পিছিয়ে গিয়েছে। এখন পরিবর্তনের বাংলায় ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে নতুন সুযোগ তৈরি হয়েছে।” শিল্পপতিদের উদ্দেশে তিনি রাজ্যে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সময় দেশের ‘অমৃতকাল’, আর সেই সুযোগ কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গকে শিল্পোন্নয়নের নতুন গন্তব্য হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

আইন-শৃঙ্খলা প্রসঙ্গেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কোনও রকম গুণ্ডাগিরি বরদাস্ত করা হবে না। শিল্পের অনুকূল পরিবেশ বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।” তাঁর দাবি, বিনিয়োগকারীদের নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।রাজ্যে শিল্পোন্নয়নের সম্ভাবনার কথা তুলে ধরে শুভেন্দু অধিকারী আরও বলেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যেই পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। তাঁর কথায়, “বাংলায় বিনিয়োগ করুন। এবার এগিয়ে যাবে বাংলা।”

বস্ত্র শিল্প সম্মেলনে উপস্থিত শিল্পপতি ও উদ্যোক্তাদের সামনে রাজ্যকে বিনিয়োগবান্ধব হিসেবে তুলে ধরার পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি, উৎপাদন সম্প্রসারণ এবং শিল্প অবকাঠামো উন্নয়নের রূপরেখাও তুলে ধরে রাজ্য সরকার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker