ম্যাচ চলাকালীন বজ্রপাত, মাঠেই বেঘোরে প্রাণ গেল ২৪ বছরের ফুটবলারের

প্রবল বর্ষণেই ম্যাচ চলছিল। আচমকাই আকাশ চিরে বজ্রপাত। তাতেই বেঘোরে প্রাণ হারালেন ২৪ বছর বয়সি ফুটবলার সাফওয়ান আওয়ে। মর্মান্তিক এই ঘটনায় আরও ১২ জন ফুটবলার আহত হয়েছেন। দুর্ঘটনার পরই ম্যাচ বাতিল ঘোষণা করা হয়।
ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রবল বৃষ্টি উপেক্ষা করেই খেলা চলছিল। হঠাৎই পেনাল্টি বক্সের কাছাকাছি বাজ পড়ে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে। সতীর্থেরা দ্রুত সাফওয়ানের কাছে ছুটে গিয়ে তাঁকে মাঠেই সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। স্থানীয় পুলিশপ্রধান থুন সিরিখুন্ট বলেন, “জরুরি চিকিৎসক দল সর্বোচ্চ চেষ্টা করেছিল। কিন্তু বজ্রপাতে শেষ পর্যন্ত ওই ফুটবলারের মৃত্যু হয়।”
Video tersebut merupakan satu kejadian pemain dipanah petir ketika aksi Piala FA Golok antara Abu Sirin Bukit Ta menentang Sam Colt. pic.twitter.com/UCEQaen2x9
— 433Malaysia (@433Malaysia) August 4, 2026
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ২২ বছর বয়সি মালয়েশিয়ার ফুটবলার আলিফ এজ্জাহান জুলকিফলি। সকলেরই হাসপাতালে চিকিৎসা চলছে। উইঙ্গার ও ফরোয়ার্ড, দুই ভূমিকাতেই সমান দক্ষ ছিলেন সাফওয়ান আওয়ে। সম্প্রতি থাই লিগ ৩-এর দক্ষিণাঞ্চলীয় বিভাগের সেমি-পেশাদার ক্লাব এফসি ইয়ালার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। এভাবেই দীর্ঘদিনের স্বপ্নপূরণ। তাঁর অকালপ্রয়াণে সোশাল মিডিয়ায় শোকবার্তা জানিয়ে ক্লাব কর্তৃপক্ষ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
বিশ্বে সবচেয়ে বেশি বজ্রপাত হওয়া দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর অন্যতম। সিঙ্গাপুরের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সেখানে বছরে গড়ে ১৭৫ দিন বজ্রপাত হয়। ২০০৪ সালের মার্চে, বজ্রপাতের সতর্কতা জারি হওয়ার আগেই অনুশীলনের সময় বজ্রপাতে মারা যান চিনের তৎকালীন এস-লিগ ক্লাব সিনচি এফসি-র ১৮ বছর বয়সি ফুটবলার জিয়াং তাও। ঘটনাটি ঘটে জুরং স্টেডিয়ামে। পরে সেই স্টেডিয়াম ভেঙে ফেলা হয়। ১৯৯৬ সালে পাইওনিয়ার সেকেন্ডারি স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্র মহম্মদ আমিন মহম্মদ সালেহ স্কুলের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান। প্রসঙ্গত, চলতি কলকাতা লিগেও প্রবল বৃষ্টি সঙ্গে বজ্রপাতের কারণে কিছু ম্যাচ স্থগিত করা হয়। ইস্টবেঙ্গল বনাম বিএসএস ম্যাচ বেশ কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল একই কারণে। তবে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যুতে শোকবিহ্বল ফুটবলপ্রেমীরা।
শেয়ার
লিংক



