অফারের আড়ালে গ্রাহকদের সঙ্গে প্রতারণা! IndiGo-Physics Wallah সহ ৯ টি সংস্থাকে জরিমানা কেন্দ্রের

সবদিক নিউজ:ডার্ক প্যাটার্নে গ্রাহকদের প্রতারণার অভিযোগে ইন্ডিগো ফিজিক্স ওয়ালা (IndiGo-Physics Wallah) সহ ৯ সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ কেন্দ্রের। ডিজিটাল দুনিয়ায় (Digital Platform) আকর্ষণীয় অফার, সীমিত সময়ের ছাড় বা ‘শেষ কয়েকটি বাকি’— এমন নানা বার্তা দেখে অনেকেই তড়িঘড়ি কেনাকাটার সিদ্ধান্ত নেন। কিন্তু এই ধরনের অফারের আড়ালে যদি ইচ্ছাকৃতভাবে গ্রাহককে বিভ্রান্ত করা হয়, তবে তা আর শুধু বিপণন কৌশল নয়, সরাসরি ভোক্তা স্বার্থের পরিপন্থী। সেই কারণেই এবার ‘ডার্ক প্যাটার্ন’ ব্যবহার করে গ্রাহকদের সিদ্ধান্ত প্রভাবিত করার অভিযোগে দেশের একাধিক জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA)। রাজ্যসভায় কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ইন্ডিগো, জেপ্টো, ফিজিক্স ওয়ালা, ফার্স্টক্রাই, স্পাইসজেট-সহ মোট ৯টি সংস্থাকে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিভ্রান্তিকর ফিচার অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রাহক প্রতারণার অভিযোগে IndiGo-Physics Wallah সহ ৯ টি সংস্থাকে জরিমানা কেন্দ্রের:
কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রকের বক্তব্য, অনলাইন বাণিজ্যে স্বচ্ছতা বজায় রাখতে এবং গ্রাহকদের অধিকার রক্ষা করতে ‘প্রিভেনশন অ্যান্ড রেগুলেশন অফ ডার্ক প্যাটার্নস, ২০২৩’ নীতিকে কার্যকর করা হয়েছে। এই নীতিতে ১৩ ধরণের বিভ্রান্তিকর কৌশলকে বেআইনি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভুয়ো জরুরি পরিস্থিতি দেখিয়ে দ্রুত কেনাকাটায় উৎসাহ দেওয়া, কার্টে লুকিয়ে অতিরিক্ত চার্জ যোগ করা, অজান্তেই সাবস্ক্রিপশন চালু করে দেওয়া, ধাপে ধাপে মূল্য বৃদ্ধি, গ্রাহককে মানসিক চাপে ফেলে সিদ্ধান্ত নিতে বাধ্য করা এবং বিভ্রান্তিকর ভাষা ব্যবহার করে সম্মতি আদায় করার মতো পদ্ধতি। সরকার জানায়, ২০২৫ সালের জুন মাসেই সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মকে এই ধরনের কৌশল চিহ্নিত করে স্বেচ্ছায় সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু একাধিক সংস্থা সেই নির্দেশ যথাযথভাবে মানেনি বলেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে (IndiGo-Physics Wallah)।
প্রথম কিস্তি পেলেও মিলবে না দ্বিতীয় কিস্তি! পশ্চিমবঙ্গ আবাসের টাকা এবার কারা পাবেন না জানুন
সবচেয়ে বেশি ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে কুইক-কমার্স সংস্থা জেপ্টোকে। তদন্তে দেখা যায়, কেনাকাটার শুরুতে কম দাম দেখানো হলেও চেক-আউটের সময় হ্যান্ডলিং চার্জ এবং সদস্যপদ ফি স্বয়ংক্রিয়ভাবে কার্টে যুক্ত হয়ে যাচ্ছিল। CCPA-র মতে, এটি ‘ড্রিপ প্রাইসিং’ এবং ‘বাস্কেট স্নিকিং’-এর স্পষ্ট উদাহরণ। অন্যদিকে, অনলাইন শিক্ষা সংস্থা ফিজিক্স ওয়ালার বিরুদ্ধে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ, তাদের প্ল্যাটফর্মে ১০ টাকার অনুদানের অপশন আগে থেকেই নির্বাচিত থাকত এবং ব্যবহারকারী যাতে তা বাতিল না করেন, সেজন্য আবেগপ্রবণ বার্তা দেখানো হতো। পাশাপাশি বিনামূল্যের কোর্সের নামে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগও ওঠে। সরকার জানিয়েছে, জরিমানার পর দুই সংস্থাই সংশ্লিষ্ট ফিচার সরিয়ে দিয়েছে।
বিমান সংস্থা ইন্ডিগোর বিরুদ্ধে অভিযোগ ছিল, অতিরিক্ত বিমা বা পরিষেবা না নিলে গ্রাহকদের মানসিক চাপে ফেলার মতো ভাষা ব্যবহার করা হচ্ছিল। আগে অ্যাপে ‘না, আমি ঝুঁকি নিচ্ছি’ ধরনের বার্তা দেখানো হলেও CCPA-র হস্তক্ষেপের পর সেটি বদলে নিরপেক্ষ বিকল্প দেওয়া হয়েছে। একইভাবে বুকমাইশোকে তাদের ‘বুক-আ-স্মাইল’ উদ্যোগের জন্য স্বয়ংক্রিয়ভাবে ১ টাকা কেটে নেওয়ার ব্যবস্থা বন্ধ করতে হয়েছে। এছাড়া ফার্স্টক্রাই, অনুজ জিন্দল ডট ইন, ফার্মইজি, ম্যাকাফি এবং স্পাইসজেটের বিরুদ্ধেও হিডেন চার্জ, ভুয়ো কাউন্টডাউন টাইমার, বিভ্রান্তিকর রিনিউয়াল প্রম্পট এবং জোরপূর্বক সাবস্ক্রিপশনের মতো অভিযোগে আর্থিক জরিমানা করা হয়েছে।

এখনই সারপ্লাস ট্রান্সফার নয়! প্রাইমারি শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
সরকারের মতে, ডিজিটাল অর্থনীতির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে গ্রাহকদের আস্থা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। তাই অনলাইন প্ল্যাটফর্মগুলিকে (IndiGo-Physics Wallah) এমন ইন্টারফেস তৈরি করতে হবে, যেখানে ব্যবহারকারী সম্পূর্ণ স্বচ্ছ তথ্যের ভিত্তিতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। কোনও সংস্থা যদি ইচ্ছাকৃতভাবে লুকোনো চার্জ, বিভ্রান্তিকর অফার বা মানসিক চাপের মাধ্যমে গ্রাহকদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য করে, তবে তার বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্র স্পষ্ট করেছে, প্রযুক্তির সুবিধা যেন কখনও গ্রাহকদের প্রতারণার হাতিয়ার না হয়ে ওঠে, তা নিশ্চিত করতেই এই নজরদারি ও আইনি পদক্ষেপ আরও জোরদার করা হবে।




