0%

বীরভূমের পর এবার মালদহে টাকার পাহাড়! ১২ নম্বর জাতীয় সড়কে বাইক থামাতেই উদ্ধার ৪১ লক্ষ ক্যাশ

AK Bangla Desk: বীরভূমের পর এবার মালদহে উদ্ধার হল কাঁড়ি কাঁড়ি টাকা। বৃহস্পতিবার ভোরে গাজোলের ১২ নম্বর জাতীয় সড়কে দুই বাইক আরোহীর কাছ থেকে প্রায় ৪১ লক্ষ টাকা এবং ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে গাজোলের রাঙাভিটা এলাকা দিয়ে দু’টি বাইকে যাচ্ছিলেন ওই যুবকেরা। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ বাইক দু’টি থামিয়ে তল্লাশি চালায়। তখনই তাঁদের সঙ্গে থাকা ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা এবং মাদক উদ্ধার হয়।

রাস্তার ধারেই শুরু হয় টাকা গোনার কাজ। এখনও পর্যন্ত উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ৪০ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। আটক দুই যুবকের নাম সিদ্ধার্থ মণ্ডল এবং কিশোর মণ্ডল। তাঁরা মালদহের কালিয়াচক এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁরা কোনও মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। পুলিশের দাবি, বাইকে করে ওই বিপুল নগদ টাকা এবং ব্রাউন সুগার মালদহ শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে কোথা থেকে ওই টাকা ও মাদক আনা হয়েছিল এবং কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা এখনও স্পষ্ট নয়। বাইক দু’টিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এই পাচারচক্রে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা জানতে আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের মোবাইল ফোনের কললিস্ট, সাম্প্রতিক যোগাযোগ এবং আর্থিক লেনদেনও খতিয়ে দেখা হতে পারে। একসঙ্গে বিপুল নগদ এবং মাদক উদ্ধারের ঘটনায় গাজোল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। টাকার উৎস, মাদকের গন্তব্য এবং চক্রের মূল মাথার সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker