0%

১০ জুলাইয়ের মধ্যে আবেদন? ১৭ অগস্টেই অ্যাকাউন্টে ৩ হাজার টাকা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণা

অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অগস্ট মাসের অর্থপ্রাপ্তি নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিলেন আবেদনকারী মহিলারা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ১৭ অগস্ট থেকে প্রকল্পের প্রথম দফার অর্থ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে প্রথম পর্যায়ে সকল আবেদনকারী এই টাকা পাবেন না।

মুখ্যমন্ত্রী জানান, যাঁরা ১০ জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং যাচাই প্রক্রিয়ায় যাঁদের আবেদনে কোনও ত্রুটি ধরা পড়েনি, তাঁরাই প্রথম দফায় ১৭ অগস্ট থেকে অর্থ পাবেন। অন্যদিকে, ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদনকারীদের নথি যাচাই এখনও সম্পূর্ণ হয়নি। ফলে তাঁদের টাকা পেতে কিছুটা সময় লাগতে পারে।

– বিজ্ঞাপন –

শুভেন্দু অধিকারীর দাবি, ৩১ জুলাই পর্যন্ত মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। বর্তমানে প্রতিটি আবেদন খুঁটিয়ে যাচাই করা হচ্ছে। আবেদনকারীর তথ্য সঠিক কি না, প্রকল্পের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ হয়েছে কি না— সবই পরীক্ষা করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। তাঁর কথায়, যাচাই প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।

তিনি আরও জানান, ১০ অগস্ট দুপুর ২টায় সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী মালতি রাভা রায়ের উপস্থিতিতে একটি সাংবাদিক বৈঠক করে প্রকল্পের যোগ্যতার মানদণ্ড এবং কারা প্রথম দফায় অর্থ পাবেন, তার বিস্তারিত জানানো হবে।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, যাচাইয়ে উত্তীর্ণ ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৭ অগস্ট থেকে ৩ হাজার টাকা করে পাঠানো হবে। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে সমস্ত সরকারি আর্থিক ও প্রশাসনিক নিয়ম মেনেই অর্থ বিতরণ করা হবে।

এছাড়াও তিনি স্পষ্ট করেন, শুধুমাত্র অগস্ট মাসের জন্যই ১৭ তারিখে অর্থ প্রদান করা হচ্ছে। পরবর্তী মাসগুলি থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে যাবে বলে সরকারের পরিকল্পনা।

বিজ্ঞাপন

অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য সম্পর্কেও সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, কিছু ব্যক্তি ভুয়ো তথ্য প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সরকার এমন পোস্টের উপর নজর রাখছে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

একই সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থপ্রদানের সময়সূচি নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, অতীতে বিভিন্ন সময়ে ওই প্রকল্পে অর্থ বিতরণে অনিয়ম ও বিলম্ব হয়েছিল। সরকারের হাতে সেই সংক্রান্ত সমস্ত তথ্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে বর্তমান সরকার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে স্বচ্ছতা, যাচাই ও নির্ধারিত নিয়ম মেনেই অর্থ বিতরণ করবে, এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, যোগ্য আবেদনকারীরা নির্ধারিত সময়েই প্রকল্পের সুবিধা পাবেন এবং বিভ্রান্তিকর প্রচারে কান না দেওয়ার আবেদনও জানান তিনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker