0%

যুদ্ধের আগুনে পুড়ছে পশ্চিম এশিয়া! নেতানিয়াহুর ফোন প্রধানমন্ত্রী মোদিকে, কী কথা হল?

আচমকাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত পাঁচ মাস ধরে যুদ্ধের আঁচে পুড়ে চলেছে পশ্চিম এশিয়া। এই পরিস্থিতিতে মোদিকে ফোন করলেন নেতানিয়াহু। কী কথা হল দুই রাষ্ট্রনেতার?

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে এই আলোচনা হয়েছে। দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি নিয়েও কথা হয়েছে তাঁদের। পাশাপাশি আগামিদিনে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে চলার বিষয়ে তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দু’জনই। পিএমও-র তরফে যে বিবৃতি পেশ করা হয়েছিল তাতে বলা হয়েছে, ‘দুই নেতাই ভারত-ইজরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন। এবং দুই দেশের পারস্পরিক সুবিধার জন্য বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।’ সেই সঙ্গেই জানানো হয়েছে, মোদি ও নেতানিয়াহু দু’জনই একমত হয়েছেন, তাঁদের নিয়মিত যোগাযোগ রাখতে হবে। বলে রাখা ভালো, ভারত ও ইজরায়েল প্রতিরক্ষা, কৃষি, উদ্ভাবন, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা ও বাণিজ্যের মতো বহু ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ।

খাতায়কলমে ইজরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষবিরতি চলছে। কিন্তু কয়েকদিন আগেও ইজরায়েলি হামলায় গাজায় দুই শিশু-সহ চারজনের মৃত্যু হয়েছে। এদিকে এহেন সংকটের সমান্তরালে চলছে ইরান-আমেরিকা যুদ্ধও। এই বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানে হামলায় আমেরিকার সঙ্গে ছিল তেহরানও। সাময়িক যুদ্ধবিরতি হলেও যুদ্ধ এখনও থামেনি। ইরানের সঙ্গে বড় আকারের যুদ্ধ আপাতত থেমে গিয়েছে। কিন্তু ইজরায়েলের সামরিক অভিযানের মূল লক্ষ্য দক্ষিণ লেবানন এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। আর সেখান থেকেই নতুন করে যুদ্ধের আঁচ বাড়তে শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে নেতানিয়াহু-মোদি কথোপকথনকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। যদিও পশ্চিম এশিয়া নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনার বিষয়টি জানানো হলেও সেই কথাবার্তার বিস্তারিত কোনও বিবরণ পিএমও দেয়নি।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker