0%

ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি নবান্নের, ১ অক্টোবর থেকে ৩৮% মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা

কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বর্ধিত মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত বহুল প্রতীক্ষিত বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। মঙ্গলবার অর্থ দফতরের (অডিট ব্রাঞ্চ) অতিরিক্ত প্রধান সচিব পি. কে. মিশ্র স্বাক্ষরিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে রাজ্য সরকারি কর্মীরা সংশোধিত ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন।

এর আগে রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত অতিরিক্ত ২০ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করেছিলেন। প্রথমে জানানো হয়েছিল, নভেম্বর মাস থেকে এই সুবিধা কার্যকর হবে। পরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দুর্গাপুজোর আগেই কর্মীদের হাতে বর্ধিত ডিএ পৌঁছে দেওয়া হবে। সেই ঘোষণারই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করল অর্থ দফতর।

– বিজ্ঞাপন –

কারা পাবেন এই সুবিধা?

শুধু রাজ্য সরকারি কর্মচারীরাই নন, এই বর্ধিত ডিএ পাবেন—

  • সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল-কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মী
  • বিধিবদ্ধ সংস্থার কর্মী
  • সরকারি আন্ডারটেকিংয়ের কর্মচারী
  • পঞ্চায়েত ও পঞ্চায়েতকর্মী
  • পুরনিগম ও পুরসভার কর্মী
  • অন্যান্য স্থানীয় সংস্থার কর্মচারী

পেনশনভোগীদের জন্যও সুখবর

রাজ্যের লক্ষ লক্ষ পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীর জন্যও মহার্ঘ স্বস্তি (ডিআর) বাড়ানো হয়েছে। আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে তাঁরা সংশোধিত বেসিক পেনশন বা ফ্যামিলি পেনশনের ৩৮ শতাংশ হারে ডিআর পাবেন।

অর্থ দফতর জানিয়েছে, সংশ্লিষ্ট পেনশন প্রদানকারী কর্তৃপক্ষ প্রত্যেক ক্ষেত্রে নতুন হারে ডিআর হিসাব করে তা কার্যকর করবে। কলকাতার ক্ষেত্রে সরকারি ব্যাঙ্ক এবং অন্যান্য জেলার ক্ষেত্রে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশ জারি করা হবে।

পঞ্চম বেতন কমিশনের আওতাভুক্তদের ডিএও বাড়ল

যাঁরা এখনও পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রি-রিভাইজড বেতন কাঠামোয় রয়েছেন, তাঁদের ডিএ ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করা হয়েছে। একইভাবে রোপা ২০০৯ অনুযায়ী প্রি-রিভাইজড পেনশন বা ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রেও ডিআর ১৭১ শতাংশ থেকে ২২৩ শতাংশে উন্নীত হয়েছে।

বিজ্ঞাপন

দিনমজুরদের মজুরিও বৃদ্ধি

যে সমস্ত সরকারি ডেইলি রেটেড কর্মীর মজুরি কোনও সংবিধিবদ্ধ ন্যূনতম মজুরি আইনের আওতায় নয়, তাঁদের দৈনিক মজুরিতে ১১০ টাকা অ্যাড-হক বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধিও ১ অক্টোবর থেকেই কার্যকর হবে।

নিজেদের তহবিল থেকেই খরচ বহন

অর্থ দফতর স্পষ্ট জানিয়েছে, সরকারি আন্ডারটেকিং এবং বিধিবদ্ধ সংস্থাগুলিকে বর্ধিত ডিএ ও ডিআরের অতিরিক্ত ব্যয় নিজেদের তহবিল বা বরাদ্দ অর্থ থেকেই বহন করতে হবে। এ জন্য রাজ্য সরকার আলাদা করে কোনও অতিরিক্ত আর্থিক সহায়তা দেবে না।

ডিএ ও ডিআরের হিসাব নিকটতম পূর্ণ টাকায় নির্ধারণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

পুজোর আগে বাড়তি স্বস্তি

প্রশাসনের মতে, দুর্গাপুজোর আগে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের হাতে অতিরিক্ত অর্থ আসবে। ইতিমধ্যেই বিভিন্ন সরকারি দফতর, ট্রেজ়ারি, সাব-ট্রেজ়ারি, বিভাগীয় কমিশনার, জেলাশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্দেশিকার কপি পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker