কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, পুজোর আগেই বাড়তি ৩ শতাংশ মহার্ঘ ভাতা!

AK Bangla Desk: অষ্টম পে কমিশন গঠন নিয়ে জোর জল্পনার মাঝেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য চলে এল বছরের অন্যতম বড় সুখবর! ১ জুলাই ২০২৬ থেকে বাড়তি তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance বা DA) পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। মূল্যবৃদ্ধির বাজারে কর্মচারীদের স্বস্তি দিয়ে এই সংক্রান্ত তথ্য সামনে এসেছে।
কেন বাড়ছে এই মহার্ঘ ভাতা?
এআইসিপিআই-আইডব্লু (AICPI-IW)-এর দেওয়া সাম্প্রতিক মুদ্রাস্ফীতি সংক্রান্ত তথ্যের ওপর ভিত্তি করেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই বর্ধিত ডিএ পাওয়ার রাস্তা পরিষ্কার হয়েছে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডিাস্ট্রিয়াল ওয়ার্কার্স (AICPI-IW)-এর জুন মাসের সূচক ছিল ১৫১.৯। এর ফলে গত ১২ মাসের গড় সূচক দাঁড়িয়েছে ১৪৮. ৬৫।
এই গাণিতিক হিসাবের ওপর নির্ভর করে মহার্ঘ ভাতা গণনার হার গিয়ে দাঁড়িয়েছে ৬৩.৭৬ শতাংশে। নিয়ম অনুযায়ী, কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা কোনো ভগ্নাংশে হিসেব করে না, পূর্ণসংখ্যায় গণনা করে। ফলে ৬৩.৭৬% সূচকের ওপর ভিত্তি করে সরকারি কর্মচারীরা যে ৬৩ শতাংশ ডিএ পেতে চলেছেন, তা একপ্রকার নিশ্চিত।
কার অ্যাকাউন্টে কত টাকা বাড়বে?
উল্লেখ্য, প্রতি বছর দু’বার, ১ জানুয়ারি এবং ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ সংশোধন করা হয়। ১২ মাসের কনজিউমার প্রাইস ইনডেক্সের গড়ের ওপর নির্ভর করেই চূড়ান্ত হার ঠিক করা হয়।
যাঁদের মূল বেতন (Basic Pay) ১৮,০০০ টাকা: তাঁরা মাসে বাড়তি ৫৪০ টাকা পাবেন।
যাঁদের মূল বেতন ৩০,০০০ টাকা: তাঁদের প্রতি মাসে অতিরিক্ত ৯০০ টাকা বৃদ্ধি পাবে।
যাঁদের মূল বেতন ৫০,০০০ টাকা: তাঁদের বেতন একধাক্কায় প্রতি মাসে ১,৫০০ টাকা হারে বৃদ্ধি পেতে চলেছে।
কেন্দ্র-রাজ্য মহার্ঘ ভাতার ফারাক
চলতি বছরের এপ্রিল মাসেই কেন্দ্র সরকারের তরফে ২ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল, যার ফলে মহার্ঘ ভাতা ৫৮% থেকে বেড়ে ৬০% হয়েছিল। পুজো বা উৎসবের মরশুমে পরবর্তী বৃদ্ধির ঘোষণা আসার কথা থাকলেও তার আগেই হিসাব চূড়ান্ত হয়ে গেল।
অন্যদিকে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা ৩৮ শতাংশ হারে ডিএ পান। কেন্দ্র আরও ৩ শতাংশ ডিএ বাড়ালে, রাজ্য ও কেন্দ্রের মহার্ঘ ভাতার ব্যবধান বেড়ে দাঁড়াবে ২৫ শতাংশে, যা রাজ্য সরকারি কর্মচারীদের অন্দরে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।


