ছোটাছুটি অতীত! এবার বাড়ি বসেই করুন আয়ুষ্মান কার্ডের e-KYC, সহজ পদ্ধতি জানুন

বাংলা হান্ট ডেস্কঃ পালাবদলের পর রাজ্যে চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana)। ইতিমধ্যেই এই প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। তবে অনেকেই হয়তো জানেন না, আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়ার জন্য উপভোক্তার ই-কেওয়াইসি (Ayushman Card e-KYC) সম্পন্ন থাকা ভীষণ জরুরি। বাড়ি বসে অত্যন্ত সহজে এই কাজ করে নেওয়া যায়।
আয়ুষ্মান কার্ডের ই-কেওয়াইসি পদ্ধতি | (Ayushman Bharat Yojana)
জানা গিয়েছে, আয়ুষ্মান ভারতের তালিকায় নাম থাকলেও ই-কেওয়াইসি সম্পন্ন না থাকায় কার্ড তৈরি কিংবা প্রকল্পের অধীন পরিষেবা পেতে সমস্যার সম্মুখীন হন অনেক উপভোক্তা। সেই কারণে আগেভাগেই ই-কেওয়াইসি করানো আছে কিনা তা চেক করে নেওয়া জরুরি।
আরও পড়ুনঃ কালীঘাট ছেড়ে কাকলিদের টিম? মমতাপন্থী ২ সাংসদের শিবির বদলের জল্পনায় তোলপাড়
এই কাজের জন্য প্রথমে আয়ুষ্মান ভারতের অফিশিয়াল পোর্টাল https://beneficiary.nha.gov.in/ -এ যেতে হবে। সেখানে নিজের মোবাইল নম্বর ও স্ক্রিনে দেখানো ক্যাপচা কোড দিয়ে লগ ইন করলেই স্ট্যাটাস দেখা যাবে। সেই স্ট্যাটাস অনুসারে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।
ভেরিফায়েডঃ উপভোক্তার নামের পাশে যদি ভেরিফায়েড লেখা থাকে অথবা সবুজ টিক থাকে তাহলে তাঁকে কিছু করতে হবে না। এর মানে হল, সংশ্লিষ্ট উপভোক্তার ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে। স্টেট ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেলে সহজেই আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন।
আইডেন্টিফায়েডঃ উপভোক্তার নামের পাশে আইডেন্টিফায়েড লেখা অথবা গেরুয়া টিক থাকলে তাঁকে ‘Do e-KYC to create Ayushman Card’ লেখায় ক্লিক করতে হবে। এরপর উপভোক্তার আধার লিঙ্কড ওটিপি, আঙুলের ছাপ বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে পরিচয় যাচাই করলেই ই-কেওয়াইসি সম্পন্ন হয়ে কার্ড তৈরির প্রক্রিয়া এগোবে।
আন-আইডেন্টিফায়েডঃ উপভোক্তার নামের পাশে যদি আন-আইডেন্টিফায়েড লেখা বা লাল টিক দেখায় তাহলে বুঝতে হবে তাঁর তথ্যে কোনও অমিল রয়েছে। অনেক সময় উপভোক্তার আধার কার্ড ও রেশন কার্ডে নামের বানান সহ অন্যান্য তথ্যে অসঙ্গতি থাকলে এমনটা দেখায়।

সেক্ষেত্রে সংশ্লিষ্ট উপভোক্তা অনলাইনে তথ্য সংশোধন করতে পারেন বা স্থানীয় আশাকর্মী/ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নিতে পারেন। তথ্য সংশোধন হয়ে গেলেই বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে ই-কেওয়াইসি করা যাবে।
কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে উপকৃত হয়েছেন দেশের কোটি কোটি মানুষ। এবার বাংলার মানুষও এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। তবে এখনও যারা আয়ুষ্মান কার্ড পাননি অথবা ই-কেওয়াইসি করা হয়নি, তাঁরা সরকারি পোর্টালে গিয়ে স্ট্যাটাস দেখে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারেন।




