0%

‘সুযোগ পেলে ভালো, না পেলেও…’, দেশের জার্সিতে প্রত্যাবর্তন নিয়ে ‘নির্বিকার’ ভুবনেশ্বর

একটা সময় ভারতের পেস আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন। তবে ২০২২ সালের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে। তিনি ভুবনেশ্বর কুমার। ৩৬ বছরের এই পেসার মেনে নিলেন, ভারতীয় দলে ফেরার সম্ভাবনা হয়তো আর নেই। সেই ‘সত্য’ মেনে নিয়েই এখন অনেক বেশি শান্ত তিনি। ক্রিকেট খেলছেন শুধুই খেলার প্রতি ভালোবাসা থেকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক পডকাস্টে ভুবি জানিয়েছেন, জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে এখন আর তিনি নিজেকে মানসিক চাপে রাখেন না। তাঁর কথায়, “আমি এখন মানসিক ভাবে খুব শান্তিতে আছি। বাড়িতে আমরা কখনও ক্রিকেট নিয়ে আলোচনা করি না। ভারতীয় দলে ফিরব কি না, কেন সুযোগ পাচ্ছি না– এসব নিয়েও কোনও কথা হয় না। তাই কোনও আক্ষেপও নেই।”

ভারতীয় দলের বাইরে থাকলেও মাঠে তাঁর পারফরম্যান্সে ভাটা পড়েনি। ২০২৫ সালের আইপিএলে ১৪ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন। গত আইপিএলেও সমান উজ্জ্বল ছিলেন। ১৬ ম্যাচে ২৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও হন। টানা দু’বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ে নতুন বল থেকে ডেথ ওভার, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অভিজ্ঞ এই পেসার। তবু ব্যক্তিগত লক্ষ্য এখন বদলে গিয়েছে। জাতীয় দলে ফেরাই আর তাঁর একমাত্র উদ্দেশ্য নয়। ভুবনেশ্বরের কথায়, “আমি ইতিমধ্যেই ভারতের হয়ে খেলেছি। যদি আবার সুযোগ পাই, খুব ভালো। কিন্তু এখন ক্রিকেট খেলি শুধু এই খেলাকে ভালোবাসি বলেই।”

ভারতের পেস বোলিংয়ের উত্থানের নেপথ্যে আইপিএলের পাশাপাশি বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর পরিকল্পনারও প্রশংসা করেছেন তিনি। বিদেশ সফরের আগে দেশের মাটিতেও পেস-সহায়ক উইকেট তৈরির সিদ্ধান্ত ভারতীয় পেস আক্রমণকে আরও ধারালো করে তুলেছিল বলে মনে করেন ভুবনেশ্বর। পাশাপাশি নিজের ক্রিকেট-জীবনের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে প্রবীণ কুমারের অবদানের কথাও তুলে ধরেছেন তিনি। লাজুক স্বভাবের কারণে বেশি প্রশ্ন না করে সিনিয়রদের দেখেই শেখার অভ্যাসই তাঁর বোলিংয়ের ভিত গড়ে দিয়েছিল বলে জানিয়েছেন তিনি। “এখন ফিরে তাকালে বুঝতে পারি, আমি কতটা ভাগ্যবান ছিলাম। সেই সময়ে পাওয়া পরামর্শই আমার বোলিংয়ের ভিত তৈরি করে দিয়েছিল।” মন্তব্য ভুবনেশ্বরের।

উল্লেখ্য, ২৪ ঘণ্টা আগেই রবিচন্দ্রন অশ্বিন ২০২৭ বিশ্বকাপের দলে চমক দিয়ে রেখেছিলেন ভুবনেশ্বর কুমারকে। ভারতীয় নির্বাচকদের তিনি বার্তা দিয়েছিলেন ভুবিকে সুযোগ দেওয়ার। এক দিন পেরতে না পেরতেই ভারতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে মুখ খুলেছেন ভুবনেশ্বর কুমার। 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker