0%

উত্তরবঙ্গে টানা বৃষ্টির তাণ্ডব! অবশেষে দক্ষিণবঙ্গেও কি স্বস্তির বৃষ্টি?

AK Bangla 24×7 Digital: সাময়িক বিরতির পর আজ, সোমবার থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের মতে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে মালদা হয়ে উত্তর-পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি রাজস্থান থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষও সক্রিয়। এই জোড়া সক্রিয় ব্যবস্থার কারণে পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, যার ফলে রাজ্য জুড়ে ফের সক্রিয় হয়ে উঠছে বর্ষা।

এই সক্রিয় আবহাওয়া ব্যবস্থার প্রভাবে সোমবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির তেজ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে উত্তর ২৪ পরগনা, হুগলি এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সময় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। অন্যদিকে, তিলোত্তমা কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপর্ব বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির তাণ্ডব অব্যাহত রয়েছে। সোমবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, অন্তত আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের পরিবেশ একই রকম থাকবে এবং শুক্রবার থেকে বৃষ্টির দাপট কিছুটা হ্রাস পেতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker