Rules Change: বারবার আর KYC-র ঝামেলা রইল না! অগস্ট থেকেই নতুন নিয়ম চালু, আপনার কী লাভ হবে?

নয়া দিল্লি: নতুন মাস পড়তেই বদলে গিয়েছে একাধিক নিয়ম। অগস্ট মাসেও একাধিক নিয়মে পরিবর্তন এসেছে। সাধারণ মানুষদের জন্য এই নিয়মগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দৈনন্দিন জীবনে এই নিয়মগুলির প্রভাব পড়বে। কী কী সেই নিয়ম, এক নজরে দেখে নিন-
তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে পরিবর্তন
ভারতীয় রেল তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে। এর ফলে রিজার্ভেশন কাউন্টারে টিকিট কাটার প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল হবে। ১ অগস্ট থেকে তৎকাল টিকিট বুকিং শুরুর সময়ের টোকেন দেওয়া হবে। আগে যাত্রীদের প্রথমে টোকেন নেওয়ার জন্য একবার লাইনে দাঁড়াতে হত, তারপর আবার টিকিট বুকিংয়ের জন্য অন্য লাইনে দাঁড়াতে হত। নতুন নিয়মে সেই ঝামেলা অনেকটাই কমবে। একসঙ্গে টিকিট দেওয়া হবে।
সিকেওয়াইসি ২.০-
১ অগস্ট থেকে ব্যাঙ্ক, বিমা সংস্থা এবং মিউচুয়াল ফান্ডে সেন্ট্রাল নো ইয়োর কাস্টমার (CKYC) 2.0 ব্যবস্থা চালু হয়েছে। নতুন ব্যবস্থায় গ্রাহকের ডিজিটাল সম্মতি (Digital Consent) পাওয়ার পর আর্থিক প্রতিষ্ঠানগুলি কেন্দ্রীয় ডেটাবেস থেকে সরাসরি যাচাই করা পরিচয় সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারবে। এর ফলে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, বিমা কেনা বা অন্যান্য আর্থিক পরিষেবা নেওয়ার সময় বারবার কেওয়াইসি (KYC) ডকুমেন্ট জমা দিতে হবে না। এতে কাগজপত্রের ঝামেলা কমবে, পরিষেবা দ্রুত পাওয়া যাবে এবং নিরাপত্তাও বাড়বে।
ক্রেডিট কার্ডের রিওয়ার্ড ও চার্জে পরিবর্তন-
১ অগস্ট থেকে একাধিক ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন এনেছে। এর মধ্যে রয়েছে রিওয়ার্ড পয়েন্টের নিয়ম, বার্ষিক রক্ষণাবেক্ষণ (Annual Maintenance) চার্জ এবং অন্যান্য পরিষেবা ফি-র সংশোধন। তবে সব ব্যাঙ্কের নিয়ম এক নয়। তাই গ্রাহকদের উচিত নিজেদের ব্যাঙ্কের চার্জ ও শর্ত দেখে নেওয়া উচিত। এই পরিবর্তনের ফলে মাসিক ক্রেডিট কার্ডের খরচেও প্রভাব পড়বে।
এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন-
প্রতি মাসের মতোই অগস্ট মাসের শুরুতে এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন হয়েছে। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম একধাক্কায় ২০৯ টাকা কমে গেল। এখন থেকে নতুন দাম পড়বে ২৮৭২ টাকা ৫০ পয়সা।



