ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! বাদ উত্তর-পূর্ব, স্কটিশ রেস্তরাঁয় রেগে আগুন লভলিনা

গ্লাসগোর এক ভারতীয় রেস্তরাঁয় খেতে গিয়ে রেগে আগুন এবারের কমনওয়েলথে রুপো জয়ী তারকা বক্সার। চোখে পড়ল ন্যাপকিনে দেশের বিকৃত মানচিত্র। আর তা দেখেই প্রতিবাদে সরব হলেন অলিম্পিকে পদকজয়ী বক্সার লভলিনা বরগোঁহাই। তাঁর পাশে দাঁড়িয়েছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়াও।
‘মিস্টার সিংহ’স ইন্ডিয়া– দ্য হোম অফ কারি’ নামে গ্লাসগোর একটি রেস্তরাঁয় আমন্ত্রিত ছিলেন ভারতীয় দলের সদস্যেরা। সেখানে খাবার শেষে হাত মোছার জন্য রাখা ন্যাপকিনে ছাপা ছিল ভারতের মানচিত্র। কিন্তু সেই মানচিত্রে গুরুতর ত্রুটি। কাশ্মীরের একটি অংশের পাশাপাশি গোটা উত্তর-পূর্ব ভারতই বাদ পড়েছিল। যা দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি লভলিনা। সঙ্গে সঙ্গে প্রতিবাদে সরব হন ২৮ বছর বয়সি বক্সার।
তাঁর কথায়, “ন্যাপকিনে ছাপা মানচিত্রে গোটা উত্তর-পূর্ব ভারতই নেই। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। দেশের প্রতিটি প্রান্ত সমান গুরুত্বপূর্ণ। ভারতের সম্পূর্ণ ও সঠিক মানচিত্রই ব্যবহার করা উচিত।” লভলিনার বক্তব্যকে সমর্থন করেছে বিএফআই। সংস্থার সভাপতি অজয় সিং জানিয়েছেন, হাত মোছার কাগজে (ন্যাপকিনে) কাশ্মীরের একাংশও বাদ দেওয়া হয়েছে। বিষয়টি রেস্তরাঁ কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। যত দ্রুত সম্ভব ভুল সংশোধনের অনুরোধ জানানো হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এই বিতর্কে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেয়নি গ্লাসগোর ওই ভারতীয় রেস্তরাঁ কর্তৃপক্ষ।
INDIA FIRST ALWAYS 🇮🇳
While celebrating India’s Commonwealth Games success at a restaurant, Indian athletes noticed an INCOMPLETE map of India on the napkins.
Olympic medallist and CWG silver medallist Lovlina Borgohain politely OBJECTED, pointing out that the NORTHEAST was… pic.twitter.com/KreslzzGEi
— Megh Updates 🚨™ (@MeghUpdates) August 2, 2026
উল্লেখ্য, কমনওয়েলথে শনিবার দিনটা যেন হয়ে উঠেছিল ভারতীয় বক্সারদের। আরও স্পষ্ট করে বললে, ভারতের মহিলা বক্সারদের। সেদিন বক্সিংয়ে ভারতের মোট দশজন বক্সার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁদের মধ্যে সাতজন সোনা জিতলেন। তিনজন পেলেন রুপো। সোনা জিতলেন ভারতের পাঁচ মহিলা বক্সার প্রীতি পওয়ার, জ্যাসমিন লাম্বোরিয়া, প্রিয়া ঘাঙ্গাস, সাক্ষী চৌধুরী, অরুন্ধতী চৌধুরী। পুরুষদের বক্সারদের মধ্যে সোনা জিতেছেন শচীন সিওয়াচ এবং অঙ্কশ পাঙ্গাল। সোনা জিততে ব্যর্থ হন লভলিনা বরগোহাঁই। ৭৫ কেজি বিভাগের ফাইনালে লভলিনা ১-৪ ব্যবধানে হেরে যান অস্ট্রেলিয়ার এমা সুপ্রিনট্রির কাছে। হেরে রুপো পান অসমের কন্যা। তবে তাঁর রুপোলি সাফল্যের পাশাপাশি এখন আলোচনায় রেস্তরাঁর ন্যাপকিন-কাণ্ড। নেটিজেনরা লভলিনার এহেন প্রতিবাদের প্রশংসা করেছেন।
শেয়ার
লিংক



