0%

কমনওয়েলথ বক্সিংয়ে জোড়া সোনা, আজ একগুচ্ছ মেডেলের হাতছানি ভারতের

শনিবার, দিনের শুরুতেই এল সোনালি হাসি। কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2026) মহিলাদের ৫৪ কেজি বিভাগের বক্সিংয়ে সোনা জিতে ভারতের পদকভাণ্ডার সমৃদ্ধ করলেন প্রীতি পওয়ার। ফাইনালে কানাডার স্কারলেট সাভান্না ডেলগাডোকে কার্যত কোনও সুযোগই দিলেন না ভারতীয় বক্সার। প্রীতি জেতার কিছুক্ষণের মধ্যে ৫৭ কেজি বিভেগে সোনা জিতলেন জ্যাসমিন ল্যাম্বোরিয়াও। তার সঙ্গে অ্যাথলেটিক্সে এল একটি রুপো ও একটি ব্রোঞ্জ।  

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল প্রীতির হাতে। আগ্রাসী বক্সিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন। প্রথম রাউন্ডে পাঁচ বিচারকই ১০-৯ ব্যবধানে এগিয়ে রাখেন ভারতীয় বক্সারকে। দ্বিতীয় রাউন্ডেও একই চিত্র। স্কোরকার্ডে ১০-৯ এগিয়ে ছিলেন প্রীতি। সেই রাউন্ডেই নকডাউন হন ডেলগাডো। ফলে শেষ রাউন্ডের আগে ২০-১৮ ব্যবধানে এগিয়ে সুবিধাজনক জায়গায় ছিলেন ভারতীয় বক্সার। শেষ রাউন্ডে আর কোনও ঝুঁকি নেননি প্রীতি। ঠান্ডা মাথায় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে সোনার পদক নিশ্চিত করেন। 

সোনা জিতে প্রীতি বলেন, “অত্যন্ত আনন্দিত। ভারতের হয়ে আমি প্রথম স্বর্ণপদক জিতেছি। তবে এটা কেবল শুরু মাত্র। আসন্ন প্রতিযোগিতাগুলোতেও ভারতের হয়ে সেরাটা দিতে বদ্ধপরিকর। আশা করি আমরা ভালো পারফরম্যান্স করব। আমার বাবা-মা খুব খুশি। গোটা ভারতই খুশি। সবাই গর্ববোধ করছে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, বিএফআই এবং আর্মি স্পোর্টস ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সকলকে সমর্থন করার জন্য ধন্যবাদ। এই পদক দেশকে উৎসর্গ করছি।”

প্রীতির পদক জয়ের আনন্দ আরও বাড়িয়ে দিলেন জ্যাসমিন। মহিলাদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের অভিজ্ঞ মাইকেলা ওয়ালশের বিরুদ্ধে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন তিনি। প্রথম রাউন্ডেই পাঁচ বিচারকের মধ্যে তিনজনের সমর্থন পেয়ে এগিয়ে যান ভারতীয় বক্সার। দ্বিতীয় রাউন্ডেও একই চিত্র। ২০-১৮ ব্যবধানে এগিয়ে থেকে শেষ রাউন্ডে ওঠেন তিনি। শেষ ৩ মিনিটে কোনও ঝুঁকি নেননি জ্যাসমিন। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে দেন ২৪ বছরের ভারতীয় বক্সার। তবে ৫৫ কেজি বিভাগে ফাইনালে অস্ট্রেলিয়ার জাই ডিক্সনের কাছে হেরে গেলেন জাদুমণি সিং মান্দেংবাম। ফলে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হল তাঁকে। 

শুধু বক্সিং রিং নয়, ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও সাফল্যের মুখ দেখেছে ভারত। পুরুষদের ট্রিপল জাম্পে প্রবীণ চিত্রাভেল রুপো জিতেছেন। ব্রোঞ্জ এসেছে সেলভা প্রভু থিরুমারনের হাত ধরে। কমনওয়েলথ গেমসের শুরুতেই এমন দাপুটে পারফরম্যান্স ভারতের পদক-অভিযানে বাড়তি গতি এনে দিল। সোনার জোড়া হাসিতে তাই দিনের শুরুটাই সুপারহিট ভারতের। এদিন আরও একাধিক ইভেন্টে পদক আসতে পারে। আপাতত ৭ সোনা, ১৩ রুপো ৭ ব্রোঞ্জ-সহ ২৭টি পদক নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভারত।  

বাঁদিক থেকে চিত্রাভেল ও থিরুমারন। ছবি সোশাল মিডিয়া।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker