এলপিজি সিলিন্ডারের দামে বিরাট পতন! শনিবার থেকেই কার্যকর নতুন দর

AK Bangla Desk: মাসের প্রথম দিনেই স্বস্তির খবর হোটেল, রেস্তরাঁ এবং ছোট খাবারের ব্যবসায়ীদের জন্য। এক ধাক্কায় অনেকটা কমানো হল ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। কলকাতায় প্রতিটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০৯ টাকা কমে দাঁড়িয়েছে ২,৮৭২ টাকা ৫০ পয়সা। শনিবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। এই নিয়ে টানা দ্বিতীয় মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমল। একসময় ১৯ কেজির সিলিন্ডারের মূল্য ২ হাজার টাকার নীচে থাকলেও ধারাবাহিক মূল্যবৃদ্ধির জেরে তা বেড়ে ৩,২৫৫ টাকা ৫০ পয়সায় পৌঁছেছিল। গত মাসে দাম কিছুটা কমানোর পর এ বার আরও বড় অঙ্কের মূল্যহ্রাস করা হল।
তবে সাধারণ গৃহস্থদের জন্য এখনই কোনও স্বস্তির খবর নেই। ১৪.২ কেজির গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে কলকাতায় ঘরোয়া এলপিজি সিলিন্ডারের মূল্য এখনও ৯৬৮ টাকাই থাকছে। সাধারণত প্রতি মাসের শুরুতে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, অপরিশোধিত তেলের দাম এবং আমদানি ব্যয়ের ভিত্তিতে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে গ্যাসের দাম বৃদ্ধির প্রবণতা দেখা যায়। আবার পরিস্থিতি অনুকূল হলে দাম কমানো হয়। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছিল বলে দাবি করা হয়েছে। তবে গত কয়েক মাসে ভারত তেল আমদানির ক্ষেত্রে বিভিন্ন উৎসের উপর নির্ভরতা বাড়িয়েছে। তাৎক্ষণিক বাজার থেকে কেনাকাটা বৃদ্ধির পাশাপাশি নির্দিষ্ট কয়েকটি উপসাগরীয় দেশের উপর দীর্ঘমেয়াদি নির্ভরতাও কিছুটা কমানো হয়েছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা নেমে আসার সুবিধাই বাণিজ্যিক গ্যাসের নতুন দামে প্রতিফলিত হয়েছে বলে মনে করা হচ্ছে। এর ফলে হোটেল, রেস্তরাঁ, ক্যাটারিং সংস্থা এবং ছোট খাবারের দোকানগুলির দৈনন্দিন পরিচালন ব্যয় কিছুটা কমতে পারে।



