শর্তভঙ্গের বড় অভিযোগ! কালীঘাট তৃণমূলকে কড়া সতর্কবার্তা হাই কোর্টের

বাংলা হান্ট ডেস্ক : কালীঘাট তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচি ঘিরে এবার সরব কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আদালতের বেঁধে দেওয়া শর্ত মেনে সভা আয়োজন করা হয়নি বলে রাজ্য সরকারের রিপোর্টে দাবি করা হয়েছে। সেই রিপোর্ট সামনে আসতেই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
কালীঘাট তৃণমূলকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)
শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, বিড়লা তারামণ্ডলের সামনে যে কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছিল, বাস্তবে সেই সভায় অনুমোদিত সংখ্যার তুলনায় অনেক বেশি মানুষের উপস্থিতি ছিল। অতিরিক্ত ভিড়ের কারণে গোটা এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয় এবং ট্র্যাফিক নিয়ন্ত্রণে প্রশাসনকে সমস্যার মুখে পড়তে হয়। এই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি জানিয়েছে আদালতের নির্দেশ অমান্য করা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার স্পষ্ট সতর্কবার্তাও দিয়েছেন।
প্রসঙ্গত, এই কর্মসূচি আয়োজনের আগে পুলিশের কাছ থেকে অনুমতি না পাওয়ায় কালীঘাট তৃণমূল কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল। শুনানির পর আদালত সীমিত পরিসরে সভা করার অনুমতি দেয়। শর্ত ছিল, নির্দিষ্ট সময়ের মধ্যেই কর্মসূচি শেষ করতে হবে এবং অংশগ্রহণকারীর সংখ্যা আড়াই হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
উল্লেখযোগ্য বিষয় হল, শুরুতে তিন হাজার মানুষের জমায়েতের আবেদন করা হলেও রাজ্যের আপত্তির ভিত্তিতে আদালত সেই সংখ্যা কমিয়ে আড়াই হাজারে নামিয়ে আনে। সেই শর্ত মেনেই কর্মসূচি আয়োজনের কথা ছিল। কিন্তু সরকারের রিপোর্টে দাবি করা হয়েছে, আয়োজকরা আদালতের নির্দেশ কার্যকর করতে ব্যর্থ হয়েছেন।

আরও পড়ুন :কৃষকদের জন্য বড় আপডেট! PM Kisan-এর ২৪তম কিস্তির টাকা কবে মিলবে?
এ বছরের ২১ জুলাইয়ের রাজনৈতিক প্রেক্ষাপটও ছিল যথেষ্ট ব্যতিক্রমী। রাজনৈতিক সমীকরণ বদলের পর শহিদ দিবস পালনে দেখা যায় আলাদা আলাদা কর্মসূচি। তবে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সেই কর্মসূচির আয়োজনই। আদালতের নির্দেশ অমান্য করে অতিরিক্ত ভিড় হয়েছিল কি না, তা নিয়েই শুরু হয়েছে আইনি বিতর্ক।




