0%

মহারাষ্ট্রে ভেঙে পড়ল বহুতল, মৃত কমপক্ষে ৮

AK Bangla Desk: মহারাষ্ট্রের মুম্বইসংলগ্ন ঠাণে জেলার ভিওয়ান্ডিতে মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ একটি জরাজীর্ণ চার তলা আবাসনের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না উদ্ধারকারীরা।

আরও পড়ুন: কোথায় ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডল? ১৫ ঘণ্টার তল্লাশি শেষে রাজপ্রাসাদ সিল করল পুলিশ

ঘটনার পর থেকেই দুর্ঘটনাস্থলে জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়। খবর পেয়ে দ্রুত পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), ঠাণে বিপর্যয় মোকাবিলা দল এবং স্থানীয় দমকল বাহিনী। ভারী মাটিকাটা যন্ত্র (জেসিবি) ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালানো হচ্ছে।

উদ্ধারকাজ তদারকি করা দমকল আধিকারিক নিতিন চ্যবন জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ৮ জনের নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতদের মধ্যে আবাসিক নাকি নির্মাণশ্রমিকদের দেহ রয়েছে, তা শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ‘কোহিনূর ভবন’ নামের ওই আবাসন থেকে একটি বিকট শব্দ শোনা যায়। এরপরই ফ্ল্যাটগুলির দেওয়ালে বড় বড় ফাটল দেখা দিতে শুরু করে। বিপদ বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ উদ্যোগ নিয়ে ভিতরের বেশ কিছু আবাসিককে নিরাপদে বাইরে বার করে আনেন।

তবে সেই সময়ও ভিতরে কয়েকজন নির্মাণশ্রমিক মেরামতির কাজ করছিলেন এবং কিছু পরিবার ঘর ছেড়ে বেরনোর প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই, রাত সাড়ে ১১টা নাগাদ চার তলা ভবনের একাংশ সম্পূর্ণ ভেঙে পড়ে। প্রাথমিক হিসেব অনুযায়ী, অন্তত ১১ জন (৬ জন আবাসিক ও ৫ জন নির্মাণশ্রমিক) ধ্বংসস্তূপের গভীরে তলিয়ে যান।

ভিওয়ান্ডির বালাজিনগর এলাকায় অবস্থিত এই ‘কোহিনূর ভবন’-এ ৪টি তলা মিলিয়ে মোট ৪৮টি ঘর রয়েছে। জরাজীর্ণ অবস্থার কারণে আগেই ভিওয়ান্দি-নিজ়ামপুর পুরসভার তরফে ভবনটিকে ‘বিপজ্জনক’ ও ‘বসবাসের অযোগ্য’ বলে নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, পুরসভার সেই সতর্কবার্তা উপেক্ষা করেই ভবনটিতে বিপজ্জনকভাবে মেরামতির কাজ চালানো হচ্ছিল। প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে এই কাজ চলছিল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker