কনস্টেবল নিয়োগে আবেদনই করতে পারছেন না তৃতীয় লিঙ্গের মানুষ! রাজ্যের কাছে জবাব চাইল হাই কোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ এবার রাজ্য সরকারি চাকরিতে তৃতীয় লিঙ্গের মানুষদের আবেদন করার অধিকার নিয়ে উঠল প্রশ্ন। কারণ সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের আবেদন পত্রে দেখা দিয়েছে শুধুমাত্র পুরুষ ও মহিলাদের জন্যই আবেদন করার সুযোগ রাখা হয়েছে। ফলে তৃতীয় লিঙ্গের কোনও ব্যক্তি নিজের পরিচয়ে আবেদন করতে পারছেন না। এই বিষয়টিকে বৈষম্যমূলক বলে দাবি করা হয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করে হাই কোর্টে (Calcutta High Court) উঠেছে মামলা। অভিযোগের ভিত্তিতেই রাজ্য সরকারের কাছে জবাব চেয়েছে হাই কোর্ট।
সরকারি চাকরিতে তৃতীয় লিঙ্গের আবেদন নিয়ে কী বলল হাই কোর্টে (Calcutta High Court)?
আইনে প্রত্যেক মানুষের সমান অধিকারের কথা বলা হলেও বাস্তবে অনেক বৈষম্যতা দেখা যায়। রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় তৃতীয় লিঙ্গের মানুষরা আবেদন না করতে পারার বিষয়টিও তেমনই বৈষম্যমূলক বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতেই রাজ্য সরকারের কাছে জবাব চেয়েছে হাই কোর্ট। মামলার শুনানিতে হাই কোর্ট রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করেছে। আগামী ২০ অগস্টের মধ্যে এই বিষয়ে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।
কী দাবি মামলাকারীদের?
মামলাকারীর দাবি, পশ্চিমবঙ্গ পুলিশ (কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ) বিধিমালায় শুধু পুরুষ ও মহিলাদের কথাই বলা হয়েছে। তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য কোনও আলাদা বিভাগ রাখা হয়নি। এছাড়াও অভিযোগ, কনস্টেবল নিয়োগের আবেদনপত্রে লিঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র ‘পুরুষ’ ও ‘মহিলা’, এই দুটি বিকল্পই রয়েছে। ফলে তৃতীয় লিঙ্গের কেউ নিজের পরিচয় দিয়ে আবেদন করতে পারছেন না। এর ফলে চাকরির সুযোগ থেকেও তাঁরা বাইরে থেকে যাচ্ছেন।
মামলাকারীর বক্তব্য, এই নিয়ম ২০১৯ সালের তৃতীয় লিঙ্গ অধিকার সুরক্ষা আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। পাশাপাশি সংবিধানে সকল নাগরিকের জন্য সমান অধিকারের যে কথা বলা হয়েছে, এই ব্যবস্থা তারও বিরোধী বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ রেশন গ্রাহকদের জন্য বড় আপডেট, পুরনো নিয়ম ফেরানোর নির্দেশ কেন্দ্রের
এই অভিযোগগুলির ভিত্তিতেই রাজ্যের কাছে ব্যাখ্যা চেয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। কেন এখনও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়নি, তা আদালতকে জানাতে হবে রাজ্য সরকারকে। এখন সেই জবাবের অপেক্ষায় রয়েছে আদালত।




