0%

“আপনারাই তো দল ভেঙে লোক এনেছিলেন!”, সংসদে কল্যাণকে ইতিহাসের পাঠ প্রিয়াঙ্কা গান্ধীর

AK Bangla Desk: মহিলা সাংসদদের প্রতি অসংসদীয় আচরণের অভিযোগে গোটা বাদল অধিবেশনের জন্যই লোকসভা থেকে সাসপেন্ড তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে সংসদ কক্ষে ঢুকতে না পারলেও, চত্বর ছেড়ে যাননি তিনি। গলায় ২০ জন দলত্যাগী সাংসদের ছবি সংবলিত পোস্টার ঝুলিয়ে প্রতিদিন সংসদ চত্বরেই একলা প্রতিবাদ ও স্লোগানবাজি চালিয়ে যাচ্ছেন তিনি। আর এই প্রতিবাদের মাঝেই বৃহস্পতিবার সংসদ ভবনের গেটে প্রিয়াঙ্কা গান্ধীর মুখোমুখি হলেন কল্যাণ। যা নিয়ে তৈরি হল বঙ্গ রাজনীতির অতীত ও বর্তমানের এক চরম নাটকীয় মুহূর্ত।

এদিন সংসদে ঢোকার মুখে কল্যাণকে গলায় পোস্টার ঝুলিয়ে চিৎকার করতে দেখে থমকে দাঁড়ান কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব। প্রিয়াঙ্কা কৌতূহল নিয়ে জানতে চান, “কী করছেন কল্যাণজি?” কল্যাণ ক্ষোভ উগরে দিয়ে জানান, কীভাবে তৃণমূলের টিকিটে জিতে ২০ জন সাংসদ এনসিপিআই-তে (NCPI) যোগ দিয়ে মোদি সরকারের সঙ্গে গিয়ে বসেছেন। জবাবে হাসতে হাসতেই প্রিয়াঙ্কা তাঁকে ‘ইতিহাসের পাঠ’ দিয়ে মনে করিয়ে দেন, “এঁদের অনেকেই তো আগে কংগ্রেসে ছিলেন। আপনারাই তো তাঁদের ভেঙে তৃণমূলে নিয়ে গিয়েছিলেন! এখন তাঁরা অন্য দিকে চলে গিয়েছেন।”

কল্যাণ অবশ্য তা মানতে নারাজ হন এবং যুক্তি দেন যে তাঁরা কংগ্রেসের টিকিটে জেতেননি। কিন্তু কথা থামাননি পাপ্পু যাদব। তিনি চেপে ধরলে গলার স্বর চড়িয়ে কল্যাণ স্মরণের খাতা খুলে আক্রমণ চালান কংগ্রেসের দিকেই। তিনি বলেন, “আপনারাই তো ১৯৯৭ সালে দিদিকে দল থেকে তাড়িয়ে দিয়েছিলেন! দিদিকে না তাড়াল আজ কংগ্রেসের এই দশা হতো না।” এমনকি প্রিয়রঞ্জন দাশমুন্সি ও প্রণব মুখোপাধ্যায়ের নাম তুলে কল্যাণ দাবি করেন, তৎকালীন কংগ্রেস সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছিল বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পৃথক দল গড়তে হয়েছিল।

প্রিয়াঙ্কা অবশ্য এই পুরোনো তর্কে না গিয়ে তাঁর বাবা রাজীব গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্কের কথা মনে করিয়ে দেন। কল্যাণও সম্মতির সুরে বলেন, “সেটা আমি জানি, রাজীবজি দিদিকে খুব ভালোবাসতেন ও সম্মান করতেন।” প্রিয়াঙ্কা হাসতে হাসতে সংসদের দিকে রওনা হওয়ার আগে পাপ্পু যাদব আবার মুচকি হেসে প্রশ্ন করেন, “কংগ্রেস এখন সঙ্গে আছে তো?” কল্যাণ সংক্ষেপে “আছে” জানিয়ে ফের নিজের গলায় ঝোলানো পোস্টার আর ‘গদ্দারদের’ বিরুদ্ধে স্লোগানবাজিতে মেতে ওঠেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker