0%

বিলাসবহুল মহলে লিফট থেকে জিম! অনুব্রত-ঘনিষ্ঠ ‘পাথরসম্রাট’ টুলুর প্রসাদে পুলিশের মেগা রেইড

AK Bangla Desk: পাকা চওড়া রাস্তার ধারে সুবিশাল গেট। সেই গেট পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে বাহারি গাছ ও ছোট ছোট ঝাউগাছে সাজানো বিশাল এক লন। আর তা পেরোতেই দাঁড়িয়ে রয়েছে এক চারতলা বিলাসবহুল প্রাসাদোপম বাড়ি। অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বীরভূমের প্রভাবশালী ব্যবসায়ী তথা ‘পাথরসম্রাট’ নামে পরিচিত টুলু মণ্ডলের সিউড়ির সুভাষপল্লির এই হাই-প্রোফাইল ঠিকানাতেই বৃহস্পতিবার সকালে হানা দিল রাজ্য পুলিশ।

পুলিশ সূত্রের খবর, সিউড়ির এই রাজপ্রাসাদেই বাস করতেন টুলু মণ্ডল। তবে বিধানসভা নির্বাচনের পর থেকেই হঠাৎ করে আর তাঁর দেখা মেলেনি। চারতলা এই প্রাসাদের ভেতরে রয়েছে আধুনিক স্বাচ্ছন্দ্যের সমস্ত ব্যবস্থা, রয়েছে নিজস্ব লিফ্‌ট ও ব্যক্তিগত জিম। প্রতিটি ঘর সাজানো অত্যন্ত মহামূল্যবান আসবাবপত্রে। বুধবারই বীরভূমের মহম্মদবাজারে টুলুর ভগ্নিপতি মিনার মণ্ডলের বাড়ি থেকে ২৮ কোটি টাকা নগদ এবং ১৫ কেজি খাঁটি সোনা উদ্ধার হয়েছিল। ওই ধৃত মিনারের বিপুল সম্পত্তির প্রকৃত উৎস খুঁজতে এবং টুলুর স্থাবর-অস্থাবর সম্পত্তির হদিস পেতেই বৃহস্পতিবার সকাল থেকে একযোগে সিউড়ি ও সোঁৎশালের বাড়িতে তল্লাশি অভিযানে নামে জেলা পুলিশ। ডিএসপি (ডিইবি) সুরজিৎ মণ্ডল, ডিএসপি (সদর) সৌরভ ভট্টাচার্য এবং সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই রেইড পরিচালনা করছে। একইসঙ্গে মহম্মদবাজারের একটি বাণিজ্যিক পার্কিংয়েও তল্লাশি চালানো হচ্ছে।

সিউড়ির পাশাপাশি সোঁৎশালে টুলুর পৈতৃক গ্রামের সুবিশাল সাদা রঙের বাড়িটিতেও চিরুনি তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা। গ্রামের ঢোকার মুখেই উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এই চারতলা বাড়িটি থেকেই নাকি টুলু তাঁর যাবতীয় বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে অভিযোগ। বাড়িটির সামনে রয়েছে বিশাল লোহার গেট ও বিস্তৃত প্রাঙ্গণ, যার বেশ কিছু অংশে এখনও নির্মাণের কাজ চলছে।

উল্লেখ্য, বুধবার মহম্মদবাজারে মিনারের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা উদ্ধারের পর বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা মিনারের বাড়ি থেকে একের পর এক ৬টি ভারী ট্রাঙ্ক এবং ২টি আলমারি বাজেয়াপ্ত করে বের করে নিয়ে আসেন। পুলিশের অনুমান, এই ট্রাঙ্ক ও আলমারির ভেতরেই গোপনে লুকোনো ছিল কোটি কোটি টাকা ও সোনা। মিনার জালে উঠলেও পাথরসম্রাট টুলু মণ্ডল এখনও অধরা। তাঁর খোঁজে জেলাজুড়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker