0%

যন্তর মন্তরের পর এবার দেশজুড়ে বিরাট আন্দোলনের প্রস্তুতি! কৃষকদের পাশে পেতে কী করল সিজেপি?

AK Bangla Desk: নিট (NEET) প্রশ্নফাঁস ও শিক্ষা কেলেঙ্কারির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগে বাধ্য করার পর এবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্র আরও প্রসারিত করতে চাইছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। নরেন্দ্র মোদি সরকারকে সব দিক থেকে কোণঠাসা করতে এবার দেশের কৃষক, ছাত্রছাত্রী এবং তরুণ প্রজন্মকে এক ছাতার তলায় এনে একটি বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক মঞ্চ গড়ে তোলার মেগা পরিকল্পনা নিয়েছে তারা। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার ভারতীয় কিষান ইউনিয়নের (BKU) প্রবীণ কৃষক নেতা রাকেশ টিকায়েতের সঙ্গে হাই-ভোল্টেজ বৈঠকে বসেন সিজেপি নেতৃত্ব।

উল্লেখ্য, দিল্লিতে নিট কেলেঙ্কারি বিরোধী লাগাতার আন্দোলনের সময় থেকেই শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন রাকেশ টিকায়েত। যন্তর মন্তরে আন্দোলনকারীদের সমর্থনে একাধিকবার অবস্থান বিক্ষোভেও শামিল হয়েছিলেন তিনি। ভারতীয় কিষান ইউনিয়নের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর সিজেপি-র অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, “আশা করছি, আমাদের কৃষক ভাইরা, সাধারণ ছাত্রছাত্রী এবং এই দেশের তরুণ প্রজন্ম মোদি সরকারকে চতুর্দিক থেকে ঘেরাও করতে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।” সূত্রের খবর, বৈঠকে কীভাবে যুবসমাজ ও কৃষকদের দাবিদাওয়াগুলোকে একসূত্রে বেঁধে কেন্দ্রীয় সরকারের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করা যায়, তার একটি কৌশলী ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছে।

শিক্ষায় দুর্নীতির প্রতিবাদে সিজেপি-র প্রধান দাবিই ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এছাড়া, নিট কাণ্ডে মানসিক চাপে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান এবং আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ না করার নিশ্চয়তা চেয়েছিল তারা। মন্ত্রীর ইস্তফা ও বাকি বিষয়ে সরকারের আশ্বাসের পর আন্দোলন সাময়িক স্থগিত করা হলেও, সিজেপি-র মারাত্মক অভিযোগ, কেন্দ্র কথা রাখেনি!

পশ্চিমবঙ্গ, বিহার ও অসমের মতো একাধিক রাজ্যে এখনও আন্দোলনকারী পড়ুয়াদের নিশানা করে পুলিশি এফআইআর ও ধরপাকড় চালানো হচ্ছে। এমনকি রাজস্থানেও নতুন করে এফআইআর দায়ের হচ্ছে। সরকারের এই বিশ্বাসভঙ্গের বিরুদ্ধেই এবার কৃষক সংগঠনগুলির সক্রিয় সমর্থন চেয়েছে ককরোচ জনতা পার্টি। তাদের স্পষ্ট মত, প্রতিবাদের ব্যাপ্তি বড় করতে পারলে সরকারের ওপর চাপ বহুগুণ বাড়বে। আর সেই বৃহত্তর আন্দোলনের সলতে সাকানোতেই আপাতত ব্যস্ত ককরোচেরা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker