রয়েছে অনুব্রত ঘনিষ্ঠের যোগ! বীরভূমের সরকারি বাস চালকের বাড়িতে টাকার পাহাড় উদ্ধার

বাংলা হান্ট ডেস্ক : বীরভূমে (Birbhum) গভীর রাতের এক পুলিশি অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা ঘিরে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। এখনও পর্যন্ত সরকারি ভাবে উদ্ধার হওয়া সম্পদের পরিমাণ জানানো না হলেও, তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই অভিযানে যে বিপুল সম্পদের খোঁজ মিলেছে, তা সাম্প্রতিক সময়ে জেলার অন্যতম বড় উদ্ধারকাণ্ড হতে পারে। ঘটনার পর থেকেই
রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
বীরভূম (Birbhum) থেকে উদ্ধার কোটি কোটি টাকা
মিনার মন্ডল পেশা সরকারি বাসের চালক হলেও দীর্ঘদিন ধরে পাথর ব্যবসার সঙ্গেও যুক্ত। বীরভূমের পরিচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের একাধিক খাদানের কাজেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। সেই কারণেই তাঁর বাড়িতে পুলিশি অভিযানের খবর ছড়াতেই এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি হয়।
মঙ্গলবার গভীর রাতে বিশাল পুলিশবাহিনী হঠাৎই মিনার মণ্ডলের বাড়িতে পৌঁছে শুরু করে তল্লাশি। রাতভর অভিযান চলার পরও বুধবার সকাল পর্যন্ত পুলিশকে সেখানেই দেখা যায়। বাড়ির ভিতরে বিপুল পরিমাণ নগদ অর্থ মজুত ছিল বলে জানা গেছে। নোট গোনার জন্য পাঁচটি নোট গণনার মেশিন ব্যবহার করতে হয়েছে।
প্রাথমিক হিসাবে প্রায় ৮ থেকে ১০ কেজি সোনা এবং আনুমানিক ৩০ থেকে ৩২ কোটি টাকা উদ্ধার হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সরকারি ভাবে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। উদ্ধার হওয়া টাকা নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে দু’টি বড় ট্রাঙ্কও নিয়ে আসা হয় বলে জানা গিয়েছে। এত নগদ অর্থ ও সোনা কীভাবে ওই বাড়িতে এল, তার সঙ্গে কোনও বেআইনি আর্থিক লেনদেন, পাথর ব্যবসা বা অন্য কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন : নবান্নের হেল্পলাইনে ভুল তথ্য দিলে কী হবে? রাজ্যের পদক্ষেপ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত, টুলু মন্ডল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত । বেআইনি পাথর খাদান পরিচালনার অভিযোগের পাশাপাশি গরু পাচার মামলাতেও তাঁর নাম উঠে এসেছিল। ২০২২ সালে তাঁর বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইডি অভিযান চালিয়েছিল। এবার তাঁর আত্মীয়ের বাড়িতে এই তল্লাশি নতুন করে সেই পুরনো বিতর্ককেই সামনে এনে দিয়েছে। এই পুলিশি অভিযান বীরভূমের পাথর ব্যবসাকে ঘিরে নতুন করে একাধিক প্রশ্ন তুলে দিল, তা নিয়ে কোনও সংশয় নেই।




