0%

‘ওরা ভারতের মতোই শত্রু’, অধিকৃত কাশ্মীরে নারকীয় হত্যাকাণ্ডে সাফাই পাক প্রতিরক্ষামন্ত্রীর

গায়ের জোরে অধিকৃত কাশ্মীরে ভোট করাচ্ছে পাক সরকার। পাল্লা দিয়ে সেখানে বাড়ছে পাকিস্তান সেনার নৃশংসতা। নির্বিচারে ‘খুন’ করা হচ্ছে প্রতিবাদীদের। নারকীয় এই সমস্ত হত্যাকাণ্ডের এবার সাফাই দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। বললেন, “ওরা ভারতের মতোই শত্রু।”

পাক সেনার দমন-পীড়নের বিরুদ্ধে বহুদিন ধরেই সরব অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। সম্প্রতি সেখানে নির্বাচন ঘোষণার পর পরিস্থিতি আরও ভয়ংকর হয়। রাস্তায় বিক্ষোভ দেখাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অসংখ্য প্রতিবাদী। প্রতিবাদ দমাতে চরমে পাক সেনার বর্বরতা। এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছে ভারত। কড়া নিন্দা করেছে ইসলামাবাদের। এই পরিস্থিতিতে গত সোমবার ভোটের প্রথম দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে অধিকৃত কাশ্মীর। ফের় নিন্দায় সরব হয় নয়াদিল্লি। এরপরই খোয়াজা বলেন, “আমি আজাদ কাশ্মীরের বিক্ষোভকারীদের ভারতের সমপর্যায়ে রাখি। ভারতের মতো তাঁরাও শত্রু।”

অধিকৃত কাশ্মীরে ৩ দফা নির্বাচনের প্রথম দফার ভোট ছিল গত সোমবার। নির্বাচন শুরু হতেই নানা জায়গা থেকে হিংসার খবর আসতে থাকে। একাধিক জায়গায় ব্যালট পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয় রাওয়ালকোট, কোটলির মতো এলাকাগুলি। গত ৫২ দিন ধরে রাওয়ালকোটে বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছিল জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি। এই বিক্ষোভ দমনে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ ওঠে নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে। বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে উপর অতর্কিতে গুলিবৃষ্টি শুরু করে পুলিশ। এই হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বহুমানুষ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker