টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গে দুর্যোগের আবহ! উত্তরবঙ্গে অতিভারী বর্ষণের লাল সতর্কতা

AK Bangla 24×7 Digital: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গজুড়ে আপাতত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা রয়েছে এবং শহরের বিভিন্ন প্রান্তে দফায় দফায় হালকা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় শহরে ৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর—এই দুই জেলায় এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি, সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে এবং বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকবে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে। এছাড়া কালিম্পং, কোচবিহার, মালদা ও দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। চলতি সপ্তাহের বুধ থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ ওপরের পাঁচ জেলায় দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।



