0%

মিড-ডে মিলে ডিম ফিরল, ১ অগস্ট থেকে ইসকনের খাবারের পাশাপাশি আলাদা করে আমিষ দেবে রাজ্য

কলকাতা: বিতর্কের অবসান ঘটিয়ে মিড-ডে মিলে ফের ডিম দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ১ অগস্ট থেকে পরীক্ষামূলকভাবে কলকাতার একাংশে ইসকনের মাধ্যমে মিড-ডে মিল বিতরণ শুরু হবে। ইসকনের নিরামিষ খাবারের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে পড়ুয়াদের আলাদা করে ডিমও দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, ইসকন পুষ্টিকর সাত্ত্বিক খাবার সরবরাহ করবে। অন্যদিকে, পড়ুয়াদের পর্যাপ্ত প্রোটিন নিশ্চিত করতে রাজ্য সরকার আলাদা ব্যবস্থায় ডিম বিতরণ করবে।

– বিজ্ঞাপন –

তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রপিছু মিড-ডে মিলের বরাদ্দ ৬.৭৮ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। উচ্চ-প্রাথমিক ও হাই স্কুল স্তরে আগের মতোই ১০ টাকা বরাদ্দ থাকবে।

মিড-ডে মিল থেকে ডিম বাদ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্তের পর রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। অভিভাবক, শিক্ষক এবং পুষ্টিবিদদের একাংশের দাবি ছিল, বহু ছাত্রছাত্রীর জন্য স্কুলের ডিমই গুরুত্বপূর্ণ পুষ্টির উৎস। সেই প্রেক্ষিতেই সরকারের এই নতুন সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শুভেন্দু অধিকারী বলেন, “ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সম্পূর্ণ প্রোটিনযুক্ত আহার নিশ্চিত করতেই এই ব্যবস্থা করা হয়েছে।”

একইসঙ্গে শিক্ষা ক্ষেত্রেও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সম্পূর্ণ স্বচ্ছভাবে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। সরকারের লক্ষ্য, চলতি শিক্ষাবর্ষেই ধাপে ধাপে ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ সম্পন্ন করা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker