শাহরুখের এক প্রতিশ্রুতিই বদলে দেয় ভাগ্য! আদিত্য চোপড়ার অবদান আজও ভোলেননি করণ

গুরু পূর্ণিমার বিশেষ দিনে আবেগঘন পোস্ট করে জীবনের দুই গুরুত্বপূর্ণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন পরিচালক করণ জোহর। সমাজমাধ্যমে পুরনো দুটি ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন, বলিউডে পরিচালক হিসেবে তাঁর যাত্রার নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে পরিচালক আদিত্য চোপড়া এবং সুপারস্টার শাহরুখ খানের। তাঁদের বিশ্বাস এবং উৎসাহই তাঁর জীবন বদলে দিয়েছিল বলে উল্লেখ করেছেন করণ।
ইনস্টাগ্রামে করণ লেখেন, জীবনে এমন দুটি কথোপকথন হয়েছিল, যা তাঁর ভবিষ্যতের পথই বদলে দেয়। প্রথম ঘটনাটি ঘটে গভীর রাতে, যখন আদিত্য চোপড়া তাঁকে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করার প্রস্তাব দেন। সেই সময় উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন করণ। কিন্তু আদিত্য তাঁকে বোঝান, তাঁর প্রকৃত জায়গা ক্যামেরার পিছনে, একজন পরিচালক হিসেবে।
Mamata Shankar: ‘প্রধানমন্ত্রীকে ছোট করার অধিকার কারও নেই’, শ্রীলেখা বিতর্কে স্পষ্ট বার্তা মমতা শঙ্করের
করণ জানান, আদিত্য তাঁকে স্পষ্ট করে বলেছিলেন, যদি তিনি এই সুযোগ ছেড়ে দেন, তাহলে জীবনের সবচেয়ে বড় ভুল করবেন। সেই কথাগুলি তাঁকে এতটাই নাড়া দিয়েছিল যে সারা রাত ঘুমোতে পারেননি। পরদিন সকালে বাবার কাছে এক বছরের সময় চেয়ে বসেন, যাতে তিনি একটি ছবির সেটে কাজ শিখতে পারেন।
তাঁর বাবা, প্রয়াত প্রযোজক যশ জোহর, ছেলেকে প্রশ্ন করেছিলেন, ছবির সেটে ঠিক কী করতে হবে, সে সম্পর্কে তাঁর কোনও ধারণা আছে কি না। করণ অকপটে ‘না’ বলেছিলেন। তখন যশ জোহর তাঁকে কঠোর পরিশ্রম এবং প্রতিটি নির্দেশ মেনে চলার পরামর্শ দেন। করণের কথায়, সেই মুহূর্তে আদিত্য চোপড়াই ছিলেন একমাত্র ব্যক্তি, যিনি তাঁর মধ্যে একজন পরিচালকের সম্ভাবনা দেখেছিলেন।
এরপর করণ স্মৃতিচারণ করেন শাহরুখ খানের সঙ্গে সুইৎজারল্যান্ড সফরের একটি বিশেষ মুহূর্তের। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে শাহরুখ তাঁকে বলেছিলেন, “তুই পরিচালক হবি, আর তোর প্রথম ছবিতে আমিই অভিনয় করব।” প্রথমে করণ ভেবেছিলেন, হয়তো মজার ছলেই কথাটি বলা হয়েছে। কিন্তু ভারতে ফিরে শাহরুখ বিষয়টি নিয়ে যশ জোহরের সঙ্গেও কথা বলেন। তখনই করণ বুঝতে পারেন, অভিনেতা তাঁর প্রতিভার উপর সত্যিই আস্থা রেখেছিলেন।
‘সংসারের স্বপ্ন পূরণই হল না’, একই মানুষকে দু’বার বিয়ে, ২২ বছর আলাদা থেকেও নেই ডিভোর্স! বিস্ফোরক অপরা মেহতা
পোস্টের শেষে করণ লেখেন, জীবনে যত সাফল্য, ব্যর্থতা, উত্থান-পতনই আসুক না কেন, আজ তিনি গল্প বলার সুযোগ পেয়েছেন শুধুমাত্র আদিত্য চোপড়া এবং শাহরুখ খানের অটুট বিশ্বাসের জন্য। তাঁদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানান এবং সেই সব মানুষকেও সম্মান জানান, যাঁরা নিঃস্বার্থভাবে অন্যদের পথ দেখিয়ে তাঁদের স্বপ্ন পূরণে সাহায্য করেন।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন করণ জোহর। শাহরুখ খান, কাজল এবং রানি মুখোপাধ্যায় অভিনীত সেই ছবি বক্স অফিসে বিপুল সাফল্য পায়। সেই ছবির হাত ধরেই শুরু হয় শাহরুখ-করণ জুটির অন্যতম সফল এবং দীর্ঘস্থায়ী বলিউড সফর।



