0%

৫ম দিনে ৯ সোনা-সহ ২৬ পদক, প্যারা এশিয়াডে সর্বকালের সেরা ফল ভারতের, কোথায় পাকিস্তান-বাংলাদেশ?

প্যারা এশিয়ান গেমসের পঞ্চম দিনেও ভারতের ভাগ্যাকাশে স্বর্ণবৃষ্টি! বৃহস্পতিবার একদিনে ৭ সোনা-সহ ২৬ পদক পেয়েছিলেন ভারতীয় অ্যাথলিটরা। অভূতপূর্ব সাফল্যের সুবাদে এশিয়ান প্যারা গেমসের পদক তালিকায় টিম ইন্ডিয়া উঠে এসেছিল চতুর্থ স্থানে। পঞ্চম দিন সেই সাফল্যকেও ছাপিয়ে সোনা এল ৯টি। শুক্রবারও দিনের শেষে ভারতের ঝুলিতে যুক্ত হল ২৬ পদক। এশিয়ান প্যারা গেমসের ইতিহাসে সর্বকালের সেরা ফল ভারতের। প্রশ্ন হল, ভারত যেখানে পদক তালিকায় চতুর্থ স্থানে শেখানে পাকিস্তান ও বাংলাদেশ কোথায়? 

গত তিনদিনের মতো চতুর্থ দিনের শুরুটাও ছিল ‘সোনালি’। শুক্রবার সাতসকালেই রেকর্ড গড়ে পদকের সেঞ্চুরি পেরিয়ে গেলেন ভারতের প্যারা অ্যাথলিটরা। এদিন সাতসকালেই ৪টি সোনা জিতে নেন ভারতের অ্যাথলিটরা। প্রথম দু’টি সোনা আসে প্যারা ব্যাডমিন্টন থেকে। সিঙ্গলস এসএল ৩ বিভাগে সোনা জেতেন ভারতের নীতেশ কুমার। ওই একই বিভাগে রুপো পান প্রমোদ ভগত।

ব্যাডমিন্টনে দ্বিতীয় সোনাটি আসে পুরুষদের সিঙ্গলসের এসএল ৪ বিভাগে। সোনা জেতেন নবীন শিবকুমার। তৃতীয় সোনা ট্র্যাক এন্ড ফিল্ড থেকে। ৪০০ মিটার দৌড়ের টি৬৪ বিভাগে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন ভারতের সন্দীপ কুমার। কিছুক্ষণ পর দিনের চতুর্থ সোনাটি আসে জ্যাভলিন থেকে। পুরুষদের এফ৩৭/৩৮ বিভাগে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন ভারতের হ্যানে সিং। ৬০.৪৯ মিটারের বিশাল থ্রো করেন তিনি। এটি তাঁর আগের ডিসকাস থ্রো ব্রোঞ্জ পদকের সঙ্গে যুক্ত হল। অন্য ইভেন্ট থেকেও একাধিক পদক আসে শুক্রবার।

এসবের মধ্যেই ইতিহাস গড়ে পদকের সেঞ্চুরি করে ফেলে ভারত। শুক্রবারের শেষে মোট ৩০ সোনা, ৩৫ রুপো এবং ৪৯ ব্রোঞ্জ-সহ মোট ১১৪ পদক নিয়ে ভারত এখন চতুর্থ স্থানে। ৪২৭ পদক নিয়ে চিন প্রথম স্থানে। ২০৪টি স্বর্ণপদক পেয়েছে ‘রেড ড্রাগনে’র দেশ। দ্বিতীয় স্থানে থাকা জাপানের পদক সংখ্যা ১৮৫। তৃতীয় স্থানে উজবেকিস্তান। তাদের পদকসংখ্যা ১৪৫। ভারতের পর রয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের হাতে ২৮ সোনা-সহ ৯৭টি পদক। ইরান ৮৭টি পদক নিয়ে পঞ্চম স্থানে। উল্লেখ্য, এর আগে ২০২২ সালে হাংঝৌ প্যারা এশিয়ান গেমসে ২৯ সোনা, ৩১ রুপো, ৫১ ব্রোঞ্জ-সহ ১১১ পদক নিয়ে পঞ্চম স্থানে শেষ করেছিল ভারত। এবার চার বছর আগের সাফল্যকে পিছনে ফেললেন ভারতীয় অ্যাথলিটরা।

এদিন ভারতকে সোনা এনে দিয়েছেন মোনা আগরওয়াল। মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন এসএইচ১ ইভেন্টে ৩৫৭.৫ স্কোর করে বিশ্বরেকর্ড ভেঙে গেমসের দ্বিতীয় স্বর্ণপদক জেতেন। চিনের কুইপিং ঝাংকে ৩.৮ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত করেন মোনা। ফিল্ড ইভেন্টগুলিতে সোনালি সাফল্য অব্যাহত থাকে। অন্যদিকে, হরবিন্দর সিং এবং বিজয় সুন্দি প্যারা আর্চারির পুরুষদের রিকার্ভ টিম ইভেন্টে চিনকে ৫-১ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান দখল করেন। প্যারা শাটলার তুলসীমতী মুরুগেসান এবং মানসী যোশি মহিলাদের ডাবলস এসএল৩-এসইউ৫ শিরোপা জিতে আইচি-নাগোয়া ২০২৬-এ ভারতের ২৮তম স্বর্ণপদক জয় করেন। গতবারের চ্যাম্পিয়ন সুমিত আন্তিলের নেতৃত্বে পুরুষদের জ্যাভলিন থ্রো-তে তিনটি ইভেন্টেই পদক জেতে ভারত। প্রণব সুরমার স্বর্ণপদক-সহ পুরুষদের ক্লাব থ্রো-তে দু’টি পদক আসে ভারতের ঝুলিতে।

উল্লেখ্য, উৎসবের মরশুমে ১১৪ পদক নিয়ে চতুর্থ স্থানে থাকা ভারতীয় শিবিরে যখন উচ্ছ্বাস, তখন পাকিস্তান এবং বাংলাদেশে বৈপরীত্য। মাত্র ১ রুপো নিয়ে পাকিস্তান রয়েছে পদক তালিকায় ২৮ নম্বরে। বাংলাদেশের অবস্থা আরও খারাপ। এখনও কোনও পদক জিততে পারেননি পদ্মাপাড়ের দেশের অ্যাথলিটরা। একই অবস্থা আফগানিস্তান, নেপালেরও। বলাই বাহুল্য, তারা রয়েছে একেবারে অন্তিমে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker