0%

‘রাবণকে নায়ক বানালে রামের গুরুত্ব কোথায়?’ পৌরাণিক কাহিনির আধুনিক উপস্থাপনা নিয়ে সরব পুনীত ইসার

রণবীর কাপুরের ‘রামায়ণ’ মুক্তির অপেক্ষায় যখন দিন গুনছেন দর্শক, তখন ছবিটি নিয়ে আগাম সিদ্ধান্তে পৌঁছতে নিষেধ করলেন অভিনেতা পুনীত ইসার। তাঁর মতে, কোনও পৌরাণিক কাহিনিকে পর্দায় কীভাবে তুলে ধরা হচ্ছে, তা বিচার করার আগে সম্পূর্ণ ছবি দেখা জরুরি। নীতেশ তিওয়ারির পরিচালনায় তৈরি এই ছবিতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর। অভিনেতার অভিনয়ক্ষমতার উপর আস্থা প্রকাশ করে পুনীতের দাবি, এই চরিত্রে নিজেকে নতুনভাবে মেলে ধরতে পারবেন রণবীর। একই সঙ্গে রামায়ণের মতো মহাকাব্যকে উপস্থাপনের ক্ষেত্রে চরিত্রগুলির প্রকৃত তাৎপর্য বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।

রণবীরের ‘রামায়ণ’ ঘিরে তুমুল উন্মাদনা, ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি প্রায় ৮৫ হাজার টিকিট!

সম্প্রতি অমিত ভাটিয়ার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে পৌরাণিক কাহিনি নিয়ে মঞ্চনাটক, টেলিভিশন ও সিনেমার উপস্থাপনা প্রসঙ্গে কথা বলেন পুনীত। বি আর চোপড়ার জনপ্রিয় ‘মহাভারত’ ধারাবাহিকে দুর্যোধনের চরিত্রে অভিনয় করে বিপুল পরিচিতি পেয়েছিলেন তিনি। কয়েক দশক পেরিয়েও দর্শকের মনে সেই চরিত্রের ছাপ রয়ে গিয়েছে। পরবর্তী সময়ে মহাভারতকে কেন্দ্র করে নাটক লেখার পাশাপাশি রামায়ণ নিয়েও মঞ্চে কাজ করেন অভিনেতা। তাঁর মনে হয়েছিল, কিছু পরিবেশনায় রাবণের নেতিবাচক দিকগুলিকে আড়াল করে তাঁকে প্রায় নায়কের আসনে বসানো হচ্ছে।

পুনীতের কথায়, “একটা সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে নেতিবাচক চরিত্রগুলিকেই নায়ক হিসেবে তুলে ধরার প্রবণতা দেখা যাচ্ছিল। রাবণকেও নায়কের মতো দেখানো হচ্ছিল। কিন্তু রাবণ যদি নায়ক হয়ে যায়, তা হলে রামের গুরুত্ব কোথায়?” তাঁর মতে, রামকে কেন্দ্র করে নির্মিত অনেক পরিবেশনাতেই চরিত্রটির ব্যক্তিত্ব, আদর্শ ও মহত্ত্ব যথাযথভাবে ফুটিয়ে তোলা হয় না। সেই ঘাটতি পূরণ করতেই রামায়ণ নিয়ে নাটক তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

কোয়েলের আমন্ত্রণ নয়, রঞ্জিত মল্লিকের ডাকেই মল্লিকবাড়িতে শুভেন্দু! পুজো দেখে কী বললেন?

রামায়ণ নিয়ে সিনেমা তৈরি হলে দর্শকের প্রত্যাশা পূরণ করা কেন কঠিন হয়ে পড়ে, সেই প্রসঙ্গেও নিজের মত জানিয়েছেন পুনীত। তাঁর মতে, শুধু পরিচিত কাহিনি কিংবা জনপ্রিয় চরিত্র থাকলেই কোনও ছবি সফল হয় না। চিত্রনাট্য এবং নির্মাণের মানই শেষ পর্যন্ত দর্শকের মনে প্রভাব ফেলে। উদাহরণ হিসেবে তিনি ‘কান্তারা’ ও ‘হনুমান’-এর মতো ছবির সাফল্যের কথা উল্লেখ করেন। অন্যদিকে, ‘আদিপুরুষ’ প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে তাঁর মত। পুনীতের বক্তব্য, “বিষয়বস্তু ভাল না হলে ছবি দর্শকের মন জয় করতে পারবে না। কিন্তু ভাল ছবি তৈরি হলে মানুষ তাকে গ্রহণ করেন। যে ছবি সফল হয়, তার পিছনে নিশ্চয়ই কোনও বিশেষ কারণ থাকে।”

রণবীরের অভিনয় নিয়ে পুনীতের আশাবাদও স্পষ্ট। ‘বরফি’, ‘রকস্টার’, ‘রকেট সিং’ থেকে ‘অ্যানিম্যাল’—বিভিন্ন ধরনের চরিত্রে রণবীরের অভিনয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমার বিশ্বাস, রণবীর রামের চরিত্রে অসাধারণ অভিনয় করবে। ওর অভিনয়ের বৈচিত্র্য রয়েছে, আর এই চরিত্রের জন্য সেই দক্ষতা গুরুত্বপূর্ণ।” নীতেশ তিওয়ারির পরিচালনা নিয়েও আস্থা প্রকাশ করেছেন তিনি। দর্শকদের উদ্দেশে তাঁর বার্তা, “ছবিটি মুক্তি পাওয়ার আগে কোনও পক্ষপাত নিয়ে বিচার করবেন না। আগে সিনেমাটা দেখুন, তারপর নিজের মতামত তৈরি করুন।”

দেবীবরণের পর সিঁদুরখেলা, ঢাকের তালে নাচ- দশমীতে তারকাদের উৎসবের মেজাজ

রণবীরের পাশাপাশি ছবিতে রয়েছেন সাই পল্লবী, যশ, সানি দেওল ও রবি দুবের মতো অভিনেতারা। আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘রামায়ণ’-এর প্রথম পর্বের। এখন দেখার, পৌরাণিক কাহিনির এই নতুন রূপ দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker