0%

‘আগামী ৩০ বছরেও ক্ষমতায় আসবে না’, কংগ্রেসকে বিঁধলেন শাহ, রাহুলের বিদেশযাত্রা নিয়েও কটাক্ষ

এসআইআরের নাম ‘ভোটচুরি’র অভিযোগে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে কংগ্রেসের নেতৃত্বে দেশজুড়ে আন্দোলন চালাচ্ছে ‘ইন্ডি’ জোট। লক্ষ্য হল কেন্দ্রের শাসক দল বিজেপিকে ক্ষমতা থেকে সরানো। এর মধ্যে বিদেশযাত্রা করেন রাহুল গান্ধী। এই অবস্থায় পালটা তোপ দাগলেন বিজেপির শীর্ষনেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার কংগ্রেস এবং বিরোধী দলনেতা রাহুলকে তোপ দেগে তিনি বলেন, আগামী তিরিশ বছরেও ওরা ক্ষমতায় আসবে না।

এদিন দূষণ জর্জরিত যমুনা নদীকে পরিষ্কার করতে ৮,৯৪১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন শাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধীর বিদেশযাত্রা নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি। সূত্রের খবর, চারদিনের সফরে ভিয়েতনামে গিয়েছেন কংগ্রেস নেতা! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জানি যে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না। আপনি বিদেশে কোথাও বসে আছেন। আপনি তার কারণও ব্যাখ্যা করছেন না। কিন্তু তাতে কী, এটা আপনার ব্যক্তিগত জীবন… কিন্তু দিল্লিতে পা রাখার পর আমার কথা শুনবেন— জেনে রাখুন, আগামী তিরিশ বছরেও ক্ষমতায় আসতে পারবেন না।”

কংগ্রেস যে গত কয়েক দশক ধরে দেশের অধিকাংশ রাজ্যে ক্ষমতায় নেই, সেকথাও মনে করিয়ে দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, “আপনারা ৫৪ বছর ধরে বাংলায় কোনও নির্বাচন জেতেননি… অরুণাচল প্রদেশে ১২ বছর ধরে এবং দিল্লিতে ১৮ বছর ধরে আপনারা নির্বাচিত হননি।” নাম না করে রাহুল গান্ধীকে বিঁধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি যখন বলি যে বিজেপি ৩০ বছর ক্ষমতায় থাকবে, তখন তারা জনগণকে বোঝায়— নির্বাচনে কারচুপি হয়েছে। না হলে অমিত শাহ কীভাবে জানলেন?” যোগ করেন, “এমন কাউকে দেখিনি যে কিনা প্রতি ছয় মাস অন্তর বিদেশে পাড়ি দেয়। আমি এখানে জন্মেছি, এখানে থাকি এবং এখানেই মৃত্যুবরণ করব।”

‘ইন্ডিয়া’ জোট এবং ককরোচ জনতা পার্টি (সিজেপি) এসআইআর প্রক্রিয়ায় কথিত অনিয়ম এবং তাতে জ্ঞানেশ কুমারের সম্ভাব্য ভূমিকার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে। এমন সময় রাহুলের বিদেশ সফর নিয়ে অতীতের মতোই কটাক্ষ করছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, দিল্লিতে প্রতিবাদের সময় “মিথ্যা চিৎকার” করতে করতে ক্লান্ত হয়ে রাহুল গান্ধী ছুটিতে গিয়েছেন। সমাজমাধ্যম ‘এক্স’-এ একটি ভিডিও শেয়ার করেছে বিজেপি, যেখানে তাঁকে ভিয়েতনামগামী বিমানে দেখা গিয়েছে রাহুলকে! এইসঙ্গে প্রশ্ন তোলা হয়েছে, “কংগ্রেস নেতার বিদেশ সফরের উদ্দেশ্য কী?”

বিজেপি নেতা সম্বিত পাত্র অভিযোগ করেছেন, সরকার ফেল দেওয়ার ষড়যন্ত্র করছেন রাহুল। দাবি করেছেন, তিনি “জর্জ সোরোসের কাছ থেকে পাঠ নিতে”ই বিদেশে গিয়েছেন। বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারিও প্রশ্ন তুলেছেন, কংগ্রেস নেতা কি নিছক ছুটি কাটাতে বিদেশে গিয়েছিলেন নাকি তাঁর “বিশৃঙ্খলার সহযোগী”দের সঙ্গে দেখা করতে গিয়েছেন। যদিও কংগ্রেস এই দাবি উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, একজন স্বাধীন ভারতীয় নাগরিক হিসাবে কংগ্রেস নেতা পৃথিবীর যে কোনও প্রান্তে যেতেই পারেন।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker