0%

মণিপুরে জঙ্গিদের ড্রোন প্রশিক্ষণ! হাজিরা দিতে ভারতে ফিরলেন সেই মার্কিন ‘ভাড়াটে’ সেনা

গত মার্চে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। যদিও জামিন পেয়ে গিয়েছিলেন। এবার এক মামলার শুনানির জন্য ভারতে ফিরলেন মার্কিন ‘ভাড়াটে’ সেনা ম্যাথু অ্যারন ভ্যানডাইক। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁকে অবশ্য অনুমতি দিল আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আমেরিকাতেই থাকার। মামলার পরবর্তী শুনানি ২৪ ফেব্রুয়ারি। একই অনুমতি দেওয়া হয়েছে এই মামলার আরও ৬ অভিযুক্তকে, যাঁরা, সকলেই ইউক্রেনীয় নাগরিক।

ভ্যানডাইকের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে। জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ ও সন্ত্রাসীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিযোগে গত মার্চে তাঁকে ও ৬ ইউক্রেনীয়কে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। জানা গিয়েছিল, অভিযুক্তরা বৈধ ভিসা নিয়ে ভারতে এসেছিলেন। এরপর এখান থেকে মায়ানমারে গিয়ে সন্ত্রাসী প্রশিক্ষণ নেন তাঁরা। শুধু তাই নয়, অভিযুক্তরা ইউরোপ থেকে অবৈধ উপায়ে ড্রোন নিয়ে ভারতে এসেছিলেন বলেও জানা যায়। সেই ড্রোন তাঁরা তুলে দেন মায়ানমারের সন্ত্রাসী সংগঠনের হাতে। এমনকী ভারতের নিষিদ্ধ তালিকায় থাকা সন্ত্রাসীদেরও সাহায্য করেছিলেন অভিযুক্তরা। মণিপুরেও জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে।

গত সেপ্টেম্বরে জামিন পেয়ে যান ভ্যান ডাইক। তখন তাঁকে একমাসের জন্য আমেরিকায় ফেরার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এবার আদালত জানিয়ে দিল, আগামী বছরের ফেব্রুয়ারির ২৪ তারিখে শুনানির আগে পর্যন্ত তিনি আমেরিকাতেই থাকতে পারবেন। 

বলে রাখা ভালো, প্রথমে বিষয়টি তদন্তকারীদের নজরে আসতেই অভিযুক্তরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন। এরপরই অভিযুক্তদের খোঁজে তল্লাশিতে নামেন এনআইএ আধিকারিকরা। অভিযুক্ত মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয় কলকাতা বিমান বন্দর থেকে। বাকিদের মধ্যে তিনজনকে লখনউ বিমানবন্দর ও অন্য তিনজনকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ ধারা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে এনআইএ। এবার আদালত অভিযুক্তদের নিজের দেশে থাকার সময়সীমা বেঁধে দিল। 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker