East Bengal: ২ ম্যাচে ৯ গোল! স্কোরবোর্ডে নাম উঠলো দুই বিদেশি ফরোয়ার্ডের, ISL-এ উড়ছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সপ্তমীর দিন শক্তিশালী চার্চিল ব্রাদার্সকে অ্যাওয়ে ম্যাচে উড়িয়ে দিয়ে নিজেদের অভিযান আরম্ভ করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। তারপর আজ ইন্টার কাশীর (Inter Kashi) বিরুদ্ধে পুনের শ্রী ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে চলতি আইএসএলে (ISL 2026-27) নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিল কোচ আন্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) দল। গত মরশুমের শেষ ম্যাচে এই প্রতিপক্ষকে হারিয়েই ২২ বছর পর জাতীয় লিগ জয়ের স্বাদ পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। আর এই ম্যাচেও রীতিমতো দাপটের সাথে জয় তুলে নিলেন আনোয়ার, রামিরেজরা।
গত ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ০-৪ ফলে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। তারপর একটানা ম্যাচ খেলার ধকল এড়াতে প্রথম একাদশে পাঁচটি পরিবর্তন করেছিলেন ইস্টবেঙ্গল কোচ হাবাস। তারপরে আজকের ম্যাচে লাল হলুদ ব্রিগেড জালের ঠিকানা খুঁজে পায় পাঁচ বার। জোড়া গোল করেন গত ম্যাচে নিজের প্রতিভার ঝলক দেখানো এইবছরে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি স্ট্রাইকার একে লোবা। পেনাল্টি এবং তারপর বিপিনের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন তিনি। এছাড়া প্রথমার্ধে গোল পান স্প্যানিশ মিডফিল্ডার ড্যানি রামিরেজ ও এই ম্যাচে শুরু থেকে খেলা পিভি বিষ্ণু। ১-৫ ফলে ম্যাচ জিতে নেয় ইস্টবেঙ্গল।
শুধু আইভরি কোস্ট তারকাই নন, পরিবর্ত হিসেবে এদিন ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠে নামা পোলিশ স্ট্রাইকার লুকাস জেলেনস্কিও এদিন গোলের দেখা পেয়েছিলেন। অজি উইঙ্গার ক্রিস ইকোনোমিডিস গোলের দেখা না পেলেও পরিবর্ত হিসেবে মাঠে নেমে জেলেনস্কির গোলটির পাস বাড়িয়েছেন। ফলে লাল হলুদ সমর্থকরা অনেকটা নিশ্চিন্ত বোধ করছেন। আপাতত ২ ম্যাচে ৬ পয়েন্ট ও গোলপার্থক্যে ৮ গোলে এগিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: কেন বিশ্বকাপ ফাইনাল হেরেছিল আর্জেন্টিনা? লিওনেল মেসির বিদায়ী বক্তব্যে ফাঁস হলো আসল রহস্য
তবে এই ম্যাচে স্বদেশী সেন্টার ব্যাক জুটি নামিয়েছিলেন কোচ আন্তোনিও হাবাস। ক্রোয়েশিয়ান ডিফেন্ডার জিভুলিচের পরিবর্তে ইস্টবেঙ্গলের তারকা ডিফেন্ডার আনোয়ারের সাথে জুটি বাঁধেন দীর্ঘদিন ধরে লাল-হলুদ জার্সিতে খেলা লালচুঙগুঙ্গা। তবে তার পা থেকেই আসে চলতি মরশুমে ইস্টবেঙ্গলের হজম করা প্রথম গোল। সেই আত্মঘাতী গোলটি না হলে এদিনও ক্লিন শিট রেখে মাঠ ছাড়তে পারতেন প্রভসুখন সিং গিল। এদিন গোটা ম্যাচে তাকে একটিও সেভ করতে হয়নি।
আরও পড়ুন: বড় ধাক্কা পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! পর্তুগালের জাতীয় দল থেকে হলেন সাসপেন্ড, দিতে হবে জরিমানাও
ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচটি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর। ভারতের প্রতিনিধিত্ব করতে এবার ওমান উড়ে যাবে লাল হলুদ ব্রিগেড। ওমানের আল সাবের বিরুদ্ধে গ্রূপপর্বের তৃতীয় ম্যাচ খেলবে হাবাসের ছেলেরা। প্রথম দুই ম্যাচে শুরুতে গোল করেও জয় পায়নি ইস্টবেঙ্গল। ২ ম্যাচের পর তাদের ঝুলিতে আপাতত ১ পয়েন্ট। নক-আউটের আশা বাঁচিয়ে রাখতে গেলে আসন্ন ম্যাচে ওমানের ক্লাব আল-সিবের বিরুদ্ধে জিততেই হবে লাল হলুদ ব্রিগেডকে।




