আনন্দ বদলে গেল বিষাদে! দশমীতে পথদুর্ঘটনা কেড়ে নিল দেশের ২ উঠতি অ্যাথলিটের প্রাণ

আনন্দ বদলে গেল বিষাদে! এক মর্মান্তিক পথদুর্ঘটনা দেশের দুই প্রতিভাবান অ্যাথলিটের প্রাণ কেড়ে নিল। ওড়িশার কটকে দশমীর দিন রাতে দুর্ঘটনাস্থল স্থল থেকে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাতে শেষরক্ষা হয়নি। চিকিৎসকদের অনেক চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি তাঁদের।
দুই ক্রীড়াবিদের নাম মৃত্যম জয়রাম দন্দাপতি এবং মলয় বারিক। বুধবার রাতে কটক সদর থানার তেলেঙ্গাপেন্থার কাছে এনএইচ-১৬-তে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। জানা গিয়েছে, সাঁতারের হাই পারফরম্যান্স কেন্দ্রের তিন ক্রীড়াবিদ ও এক লাইফগার্ড-সহ চারজন দশেরা উৎসব দেখতে দু’টি মোটরবাইকে করে কটক যাচ্ছিলেন। তখনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কীভাবে তাদের বাইক দুর্ঘটনায় পড়ল, তা খতিয়ে দেখছে পুলিশ।
২১ বছরের জয়রাম ছিলেন দেশের অন্যতম সেরা অ্যাথলিট। অনূর্ধ্ব-২৩ ইন্ডিয়া ওপেন অ্যাথলেটিক্সে ১০০ ও ২০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন। ১০০ মিটারের রেস শেষ করতে সময় নিয়েছিলেন ১০.৪৯ সেকেন্ড। ২০০ মিটার ২১.১০ সেকেন্ডে। এখানেই শেষ নয়। ওড়িশা রাজ্য চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে রুপোর পদক জিতেছিলেন। একই প্রতিযোগিতার ২০০ মিটারে সোনা জেতেন। মলয়ও কম যান না। চলতি বছরের এপ্রিলে রাঁচির বিরসা মুন্ডা স্টেডিয়ামে ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ-৪-এ পুরুষদের ৪০০ মিটারে ৪৯.৩৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ওড়িশার রাজ্য মিটে ৪০০ মিটারে রুপো জিতেছিলেন।
উঠতি দুই তারকার অপ্রত্যাশিত মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘পথদুর্ঘটনায় মৃত্যুম জয়রাম দন্দাপতি এবং মলয় বারিকের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁদের অকালপ্রয়াণ ওড়িশার ক্রীড়াঙ্গনে অপূরণীয় ক্ষতি।’ তিনি ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। শোকপ্রকাশ করেছেন, ক্রীড়ামন্ত্রী সূর্যবংশী সুরজও। তিনি বলেন, “তাঁদের শোকসন্তপ্ত পরিবারকে আমার আন্তরিক সমবেদনা। মহাপ্রভু শ্রীজগন্নাথ এই কঠিন সময়ে তাঁদের শক্তি দান করুন। তাঁদের আত্মার শান্তি কামনা করছি।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুতর আহত হন দুই অ্যাথলিট। এরপর অতিরিক্ত রক্তক্ষরণের পর তাঁদের মৃত্যু হয়।
শেয়ার
লিংক



