0%

ফ্রান্সের বিক্ষোভকারীদের মুখে ‘বিসমিল্লাহ’, বিদ্রোহের আগুনে ফুঁ দেওয়া এই স্লোগানের অর্থ কী?

মুদ্রাস্ফীতি, জ্বালানির দামবৃদ্ধি, শিক্ষা ক্ষেত্রে সংস্কারের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে পুড়ছে ফ্রান্স। অভিযোগ উঠেছে, এই বিদ্রোহের নেপথ্যে রয়েছে মুসলিম শরণার্থীরা। সেই অভিযোগের মাঝেই প্যারিসের রাস্তায় স্লোগান উঠেছে ‘বিসমিল্লাহ সে লে তেনেব্রে’। এই স্লোগানই বিদ্রোহের আগুনে নতুন করে ফুঁ দিতে শুরু করেছে। সোশাল মিডিয়া থেকে শুরু করে ব্যানার, মুখে মুখে ছড়িয়ে পড়েছে এই স্লোগান। পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের মুখেও শোনা গিয়েছে স্লোগানটি। কিন্তু কী এর অর্থ? কেনই বা এই স্লোগান এতটা জনপ্রিয় হয়ে উঠল?

জানা যাচ্ছে, অক্টোবর মাসের প্রথম সপ্তাহে স্ন্যাপচ্যাটে আন্দোলনকারীদের একটি গ্রুপে মামাদু নামে এক ব্যক্তি এই বার্তা পাঠান। বার্তা ছিল, ‘Hi, in the name of God, it’s the darkness. When’s the blockade, wallah, bro?’ অর্থাৎ, ‘ঈশ্বরের দোহাই, চারদিকে অন্ধকার। অবরোধটা কবে, ভাই?’ এই বার্তার সঙ্গে ছিল আলজেরিয়ার পতাকার ইমোজি। অন্য কিছু স্ক্রিনশটে দেখা যায়, একই ধরনের অ্যাকাউন্ট থেকে শিক্ষার্থীদের অবরোধের স্থান এবং আতশবাজি ও স্মোক গ্রেনেড কোথায় পাওয়া যায়, তা জানতে চাওয়া হচ্ছে। পড়ুয়াদের দাবি, ওই ব্যক্তি ছিলেন একজন ছদ্মবেশি পুলিশ কর্মী। যিনি তরুণদের ভাষা অনুকরণ করে ওই গ্রুপে ঢোকার চেষ্টা করেছিলেন। পুলিশের এই ‘অপটু অনুকরণ’কে ব্যঙ্গ করতেই আন্দোলনকারীরা তাঁর ওই বার্তাকে নিজেদের স্লোগান বানিয়ে নেয়। ফরাসি ভাষায় তৈরি হয় স্লোগান, ‘বিসমিল্লাহ, সে লে তেনেব্রে’। যার আক্ষরিক অর্থ, ‘আল্লাহর নামে, এ হল অন্ধকার।’

ছাত্র সংগঠনের নেতারা জানান, এই স্লোগান আরব ও আফ্রিকান বংশোদ্ভূত তরুণদের প্রতি প্রশাসনের প্রচলিত ধারণা ও বৈষম্যমূলক মনোভাবের প্রতীক।

ছাত্র সংগঠনের নেতারা জানান, এই স্লোগান আরব ও আফ্রিকান বংশোদ্ভূত তরুণদের প্রতি প্রশাসনের প্রচলিত ধারণা ও বৈষম্যমূলক মনোভাবের প্রতীক। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রক অবশ্য এখনও নিশ্চিত করেনি ওই অ্যাকাউন্টটি কোনও পুলিশকর্মীর কিনা। যদিও মন্ত্রকের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে, বেআইনি কার্যকলাপ রুখতে তদন্তের স্বার্থে আইনরক্ষাকারী বাহিনী ছদ্ম পরিচয় ব্যবহার করে থাকে।

উল্লেখ্য, এই স্লোগান এখন ফ্রান্সের গণ্ডি পেরিয়ে ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে। বেলজিয়াম ও ইতালিতেও ছড়িয়ে পড়েছে স্লোগানটি। প্ল্যাকার্ড, ব্যানারে লেখা হচ্ছে ‘বিসমিল্লাহ সে লে তেনেব্রে’। তরুণদের কথ্য ভাষায় এটি কোনও ভয়াবহ, হতাশাজনক বা বিশৃঙ্খল পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হচ্ছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker