0%

জ্ঞানেশের পদত্যাগ চেয়ে ফের পথে বিরোধীরা! রণকৌশল ঠিক করতে আজই বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

পুজো মিটতেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফের আন্দোলনের প্রস্তুতি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের। আর সেই রণকৌশল ঠিক করতেই বৈঠকে বসছেন জোটের নেতারা। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারচুয়াল মাধ্যমে এই বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে এই বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, এই বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ছাড়াও যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। থাকবেন জোটের অন্যান্য সদস্যরাও।

সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি জানিয়েছেন, দিল্লির মিছিল সফল হয়েছে। একাধিক বিকল্প নিয়ে এই মুহূর্তে আমাদের আলোচনা চলছে।

পুজোর আগে এসআইআর বাতিল এবং ভোটচুরির অভিযোগে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে একাধিকবার বিক্ষোভে উত্তাল হয়েছে রাজধানী। একদিকে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলন, অন্যদিকে লাগাতার পথে নেমে একযোগে বিক্ষোভ দেখায় কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সদস্যরা। সেই সময়েই রাহুল গান্ধী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, মুখ্য নির্বাচন কমিশনার পদ থেকে জ্ঞানেশ কুমার যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করছেন, ততক্ষণ আন্দোলন চলবে। তবে উৎসব থাকায় কিছুটা স্তিমিত হয়ে পড়ে আন্দোলন। কিন্তু পুজো মিটতেই ফের আন্দোলন শুরু করতে চায় বিরোধীরা। সেই রণকৌশল ঠিক করতেই এদিনের এই বৈঠক বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যে আগামী ১ নভেম্বর কর্মসূচির ডাক দিয়েছে বিরোধী শিবির। ‘গণতন্ত্র বাঁচাও’ অভিযানের অধীনে দিল্লির রামলীলা ময়দান থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। যেখানে বিরোধী জোটের একাধিক নেতার উপস্থিত থাকার কথা রয়েছে। তবে শুধু মিছিলের মধ্যেই নিজেদের আটকে রাখতে চান না বিরোধীরা। ধাপে ধাপে রাজধানীর বুকে আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে চান তাঁরা। আর তা কীভাবে? সে বিষয়ে এদিনের ভারচুয়াল বৈঠকে ইন্ডিয়া জোটের নেতারা আলোচনা করতে পারেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি জানিয়েছেন, দিল্লির মিছিল সফল হয়েছে। একাধিক বিকল্প নিয়ে এই মুহূর্তে আমাদের আলোচনা চলছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker