রাজ্য পুলিশে ১ লক্ষ চাকরি! নিয়োগের খুঁটিনাটি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য পুলিশে বিপুল নিয়োগের (WB Police Recruitment) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার ভবানীভবনে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেন তিনি। একইসঙ্গে পুলিশকর্মীদের রেশন ভাতা বাড়ানো হচ্ছে বলেও জানান।
রাজ্য পুলিশে নিয়োগের খুঁটিনাটি | (WB Police Recruitment)
এদিন ভবানী ভবনে পুলিশ কর্মীদের রেইন প্রোটেকশন গিয়ার বিতরণ অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত হয়ে বিপুল নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ জট দূর করারও আশ্বাস দেন।
আরও পড়ুনঃ পাল্টে যাবে রাজ্যের রাস্তাঘাটের চেহারা! বেহাল রাস্তা মেরামতের ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী
শুভেন্দু বলেন, ওবিসি সংক্রান্ত আইনি জটিলতা কাটানোর পর প্রশিক্ষণ নিয়ে বসে থাকা ১৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। দুর্গাপুজোর আগেই তাঁরা চাকরিতে যোগদান করবেন। এরপর আগামী কয়েক বছরে ধাপে ধাপে আরও ১ লক্ষ পুলিশকর্মী নিয়োগ করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে বলেন, বর্তমানে রাজ্য পুলিশের নানা বিভাগে প্রায় ৪৭ হাজার শূন্যপদ রয়েছে। ধাপে ধাপে সেখানেও নিয়োগ করা হবে।
এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের পুলিশকর্মীদের রেশন ভাতা বৃদ্ধির ঘোষণা করেন শুভেন্দু। তিনি বলেন, “খালি হাতে মুখ্যমন্ত্রী ভবানী ভবনে আসবে এটা হতে পারে না। কিছু না কিছু তো দিতেই হয়। আমি দুর্গাপুজোর উপহার দিয়ে গেলাম। অক্টোবর মাস থেকে ৫০০ টাকা করে বাড়ানো হল।“
এতদিন রাজ্যের পুলিশকর্মীরা রেশন ভাতা বাবদ ১৫০০ টাকা করে পেতেন। পুজোর মাস থেকে তা আরও ৫০০ টাকা বাড়ানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ফলে অক্টোবর থেকে তাঁরা ২ হাজার টাকা করেন পাবেন।

এছাড়া এদিন মহিলা ও সিনিয়র পুলিশকর্মীদের বদলি নিয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু। তিনি বলেন, ১৫ বছরের বেশি সময় ধরে যেসব পুলিশকর্মী ও মহিলা কর্মীরা বাড়ি থেকে অনেক দূরে রয়েছেন, তাঁদের নিজ নিজ জেলা কিংবা পার্শ্ববর্তী জেলায় সুবিধাজনক পোস্টিং দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে।
রাজ্যে পালাবদলের পর সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত একাধিক ঘোষণা হয়েছে। কয়েকদিন আগে পঞ্চায়েত দফতরে বড় নিয়োগের ঘোষণা করেছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। এবার রাজ্য পুলিশে বিপুল নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।




