0%

সিরিজসেরা হতেই টি-২০ র‌্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের, ওয়ানডেতে শীর্ষে ফিরলেন গিল

জিম্বাবোয়ের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স। তার ফলও হাতেনাতে পেল বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ দিল ১৫ বছর বয়সি ব্যাটার। মাত্র ৬ ম্যাচেই বিরাট সাফল্য বৈভবের। অন্যদিকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে উঠে এলেন ভারত অধিনায়ক শুভমান গিল।

জুলাই মাসেই অভিষেক হয়েছে বৈভবের। আর মাস কাটতে না কাটতে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের উপস্থিতি বেশ ভালোমতোই জানিয়ে দিয়েছে। র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ টপকে প্রথম ৫০-র মধ্যে ঢুকে পড়েছে ভারতের ‘বিস্ময় প্রতিভা’। এখন সে আছে ৪৮ নম্বরে। তার রেটিং ৫৩৬। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বৈভবের মোট রান ১৫১। গড় ৫০.৩৩। এর মধ্যে দু’টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ৮১। আয়ারল্যান্ড সফরে সুযোগ মেলেনি। ইংল্যান্ডে খেললেও সাফল্য আসেনি। তিন ম্যাচে তার সংগ্রহ ছিল ১৩, ১৪ ও ১৫। সেখান থেকে অভাবনীয় প্রত্যাবর্তন করে জিম্বাবোয়েতে গিয়ে। এই র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ঈশান কিষান। তাঁর রেটিং ৯১০। একধাপ নেমে তৃতীয় স্থানে অভিষেক শর্মা। প্রথম দশে আছেন ভারতের তিলক বর্মাও।

অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। তাঁকে সরিয়ে এবার শীর্ষে উঠে এসেছেন শুভমান গিল। ৮০১ রেটিং ভারত অধিনায়কের। জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁর রান যথাক্রমে ৮০*, ৩১ ও ৭৭। তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। সদ্য নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ হয়েছে। সেখানে মিচেল তিনটি ম্যাচ খেলেছেন। রান করেছেন যথাক্রমে ৬৫, ২৮, ২৮। তারই প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker