0%

ED-র জেরার আগে বদলে গেল সুর? মোদির প্রশংসায় মদন, মুখ খুললেন দিলীপ

বাংলা হান্ট ডেস্ক : পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল রাজ্য রাজনীতিতে। একদিকে ইডির তলব, অন্যদিকে তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে প্রশংসায় ভরিয়ে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বিরোধীরা এর রাজনৈতিক তাৎপর্য খুঁজতে শুরু করলেও, বিজেপি স্পষ্ট জানিয়েছে—তদন্তে দোষ প্রমাণিত হলে কোনও প্রশংসাই কাউকে রেহাই দিতে পারবে না।

মদন মিত্রকে (Madan Mitra) কী বললেন দিলীপ ঘোষ ?

বুধবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলেছে ইডি। তবে তদন্তকারী সংস্থার দফতরে যাওয়ার আগের দিনই প্রধানমন্ত্রীকে নিয়ে তাঁর মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ নজর কেড়েছে। ঘটনার সূত্রপাত এনডিএ-র সাম্প্রতিক বৈঠককে ঘিরে। সেই বৈঠকে নবগঠিত এনসিপিআই-এ যোগ দেওয়া প্রাক্তন তৃণমূল সাংসদদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠক শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের সঙ্গে পৃথকভাবেও কথা বলেন। সেই ঘটনাকেই উল্লেখ করে মদন মিত্র বলেন, “রাজনীতি খরস্রোতা নদীর মতো। আজ মোদি তথা এনডিএ-কে আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জানালাম। আজ তো উনি নজির গড়েছেন, শাসক-বিরোধীকে এক সঙ্গে বসিয়ে দিলেন।”

মদনের এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের ঠিক আগে প্রধানমন্ত্রীর প্রশংসা কি শুধুই রাজনৈতিক সৌজন্য, নাকি এর পিছনে অন্য কোনও বার্তা রয়েছে? যদিও এ বিষয়ে মদন মিত্র নিজে আর কোনও অতিরিক্ত মন্তব্য করেননি।

এদিকে এই বিতর্ক প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, “প্রশংসা বা নিন্দায় কিছু যায় আসে না। যে যা করেছে তার ফল ভোগ করতে হবে। উনি যদি কোনও দোষ না করে থাকেন তাহলে ভয়ের কোন কারণ নেই। কিন্তু অপরিসীম দুর্নীতি বাংলা রন্ধ্রে রন্ধ্রে হয়েছে তার মধ্যে যে যুক্ত থাকবে তাকে আইনের আওতায় আসতে হবে।”

Madan Mitra praises Modi before ED Interrogation

আরও পড়ুন : পিএম কিষাণের Beneficiary List-এ আপনার নাম আছে নাকি বাদ? কীভাবে চেক করবেন জানুন

প্রসঙ্গত, কামারহাটি পুরসভায় বেআইনিভাবে ১২৫ জনকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ঘিরেই এই মামলার সূত্রপাত। অভিযোগ, নিয়োগের বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছিল। তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, চাকরিপ্রার্থীদের কাছ থেকে নেওয়া অর্থের একটি অংশ মদন মিত্রের পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হয়েছে বলে তদন্তে তথ্য মিলেছে। যদিও এই অভিযোগের বিষয়ে আদালতে এখনও কোনও চূড়ান্ত রায় হয়নি। মদন মিত্রের ইডি-জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে আসে এবং তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর সকলের।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker