এবার থেকে পুরসভায় বসবেন নোডাল অফিসার, ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

AK Bangla Desk: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক পুরনিগম ও পুরসভার মেয়র, চেয়ারম্যান এবং কাউন্সিলরের পদত্যাগে বহু পুরবোর্ডের কাজকর্মে অচলাবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নাগরিক পরিষেবা সচল রাখতে প্রত্যেক পুরসভা ও পুরনিগমের গ্রিভান্স সেলের দায়িত্বে একজন করে নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। নাগরিকদের অভিযোগ দ্রুত গ্রহণ এবং সমাধানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রিভান্স সেলগুলি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে। পুরো ব্যবস্থাটি পরিচালনা ও নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে দপ্তরের আধিকারিক শান্তনু নাহাকে।
মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন দপ্তরের ‘মুখোমুখি’ কর্মসূচিতে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, শুধু মানুষের অভিযোগ শোনার জন্য কর্মসূচি আয়োজন করলেই হবে না, সেই অভিযোগের বাস্তবসম্মত এবং দ্রুত সমাধানও নিশ্চিত করতে হবে। মন্ত্রী জানিয়েছেন, প্রতিটি পুরসভা ও পুরনিগমের গ্রিভান্স সেলের জন্য আলাদা নোডাল অফিসার থাকবেন। তাঁরা স্থানীয় নাগরিকদের সমস্যা নথিভুক্ত করবেন, সংশ্লিষ্ট বিভাগগুলির সঙ্গে যোগাযোগ রাখবেন এবং অভিযোগের নিষ্পত্তি কতটা এগিয়েছে, তার নিয়মিত নজরদারি করবেন। শান্তনু নাহা সমস্ত নোডাল অফিসারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। কোন এলাকায় কী ধরনের সমস্যা বেশি হচ্ছে, কতগুলি অভিযোগ জমা পড়েছে এবং কতগুলি সমস্যার সমাধান হয়েছে—এই সমস্ত তথ্য দপ্তরের কাছে নিয়মিত পাঠানোর ব্যবস্থাও করা হবে।
রাজ্যে বিজেপি সরকার গঠনের পর তৃণমূল পরিচালিত একাধিক পুরসভা ও পুরনিগমের জনপ্রতিনিধি পদত্যাগ করেছেন। অনেক কাউন্সিলর নিয়মিত পুরসভায় আসছেন না বলেও অভিযোগ। এর ফলে জল, নিকাশি, রাস্তা, আলো, জঞ্জাল অপসারণ এবং জন্ম-মৃত্যু শংসাপত্রের মতো জরুরি নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।চলতি বছরের শেষে কলকাতা ও হাওড়া পুরসভায় নির্বাচন হওয়ার কথা। আগামী বছরের শুরুতে রাজ্যের আরও কয়েকটি পুরসভাতেও ভোট হতে পারে। তার আগে শহর ও শহরতলির নাগরিক পরিষেবায় যাতে কোনও ঘাটতি না হয়, সে কারণেই প্রশাসনিকভাবে এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। নোডাল অফিসারদের মূল দায়িত্ব হবে অভিযোগ গ্রহণের পাশাপাশি তার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা। কোনও অভিযোগ দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকলে তার কারণও খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে তাঁদের।



