0%

ক্যানসারাক্রান্ত বাবার অধরা স্বপ্নপূরণ! ৩৩ বছরে টিম ইন্ডিয়ায় ডাক পাওয়া কে এই সারাংশ?

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের দল ঘোষণা করেছে বিসিসিআই। ফিটনেস পরীক্ষায় পাশ করে ঢুকতে হবে জশপ্রীত বুমরাহকে। চোট সারিয়ে কামব্যাক করেছেন রবীন্দ্র জাদেজা। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে চমক রয়েছে সারাংশ জৈন। ৩৩ বছর বয়সি অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে দাপট দেখিয়েছেন। ক্যানসারাক্রান্ত বাবার স্বপ্নপূরণ করে জাতীয় দলে সুযোগ পেলেন সারাংশ।

বাবা যে ক্যানসারের সঙ্গে লড়ছেন, তা জানতেনই না মধ্যপ্রদেশের ক্রিকেটার। ২০১৩-১৪ থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন। সেই সময় মধ্যপ্রদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় একটি বিশেষ ট্যুরে গিয়েছিল। এই সময়ে তাঁর বাবার অস্ত্রোপচার হয়। বাবার অসুস্থতার খবর সারাংশকে জানানো হয়নি। যাতে তিনি ক্রিকেটেই মনোযোগ করতে পারেন। ফিরে আসার পর সব জানতে পারেন। সেই সময় বাবা সুবোধ জৈন বলেন, “আমি এখন ঠিক আছি। যদি তুমি ভালো খেলো, তাহলে আমি আরও ভালো হয়ে উঠব।”

সুবোধ নিজেও একসময় প্রথম শ্রেণির ক্রিকেট খেলতেন। মধ্যপ্রদেশের হয়ে রনজি খেলেছেন। তবে জাতীয় দলে খেলা হয়নি। সেই স্বপ্নপূরণ করতে চলেছেন ছেলে সারাংশ। ঘরোয়া ক্রিকেটে ২২২৩ রান করেছেন, গড় ৩১.৭৫। ৫৪টি ম্যাচে উইকেট নিয়েছেন ১৮৮টি। ২০২৫-২৬ রনজি মরশুমে ৭ ম্যাচে ৫১৮ রান করেছেন। তিনটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি আছে। আইপিএলের দুনিয়াতেও লাল বলের ক্রিকেটে মাটি কামড়ে পড়ে আছেন। জুন-জুলাই মাসে শ্রীলঙ্কায় ভারত এ দলের হয়ে দু’টি টেস্ট খেলেছিলেন। সেখানে ৬ উইকেট ও ৭০ রানের একটি ইনিংস খেলেন। অবশেষে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ।

আগামী ১৫ আগস্ট থেকে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট হবে গলে। দ্বিতীয় টেস্ট, ২৩ আগস্ট থেকে কলম্বোয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার ক্ষীণ সম্ভাবনাটুকু বাঁচিয়ে রাখতে গেলে এই সিরিজ জিততেই হবে শুভমান গিলদের।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker