0%

Ujjwal Biswas Released On Bail After 49 Days

চিত্র- সংগৃহীত

AK Bangla Desk: একের পর এক মামলায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে জেল থেকে মুক্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাস। মঙ্গলবার কৃষ্ণনগর জেলা আদালত তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া চতুর্থ ও শেষ মামলাতেও জামিন মঞ্জুর করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর সন্ধ্যায় সংশোধনাগার থেকে বেরিয়ে বাড়ি ফেরেন তিনি। গ্রেপ্তারের ৪৯ দিন পর উজ্জ্বল বিশ্বাসের মুক্তিকে কেন্দ্র করে তাঁর অনুগামীদের মধ্যে উৎসাহ দেখা যায়। বাড়ি পৌঁছতেই তাঁকে ফুলের তোড়া ও মালা দিয়ে স্বাগত জানান সমর্থকেরা।

গত ৯ জুন ত্রিপল-সহ বিভিন্ন ত্রাণসামগ্রী চুরির অভিযোগ ওঠে উজ্জ্বল বিশ্বাসের বিরুদ্ধে। ওই দিন তাঁর বাড়ির সামনে কয়েকজন স্থানীয় বাসিন্দা বিক্ষোভ দেখান। বিক্ষোভের সময় তাঁকে হেনস্তা করা হয় এবং লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলেও অভিযোগ ওঠে। পুলিশ প্রথমে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়। পরে অভিযোগ দায়ের হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর ত্রাণসামগ্রী চুরির মামলার পাশাপাশি জমি দখল-সহ আরও কয়েকটি অভিযোগে তাঁর বিরুদ্ধে পৃথক মামলা রুজু হয়।

প্রথম তিনটি মামলায় আদালত থেকে জামিন পেলেও প্রতিবারই নতুন মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে হেফাজতে নেওয়া হয়েছিল। ফলে একাধিকবার জামিন মঞ্জুর হলেও সংশোধনাগার থেকে তাঁর মুক্তি আটকে যায়।গ্রেপ্তারের প্রায় ২০ দিন পর ত্রাণসামগ্রী চুরির মামলায় কৃষ্ণনগর আদালত উজ্জ্বল বিশ্বাসকে শর্তসাপেক্ষ জামিন দিয়েছিল। আদালত তাঁর পাসপোর্ট জমা রাখার নির্দেশ দেয়। পাশাপাশি তদন্তে পূর্ণ সহযোগিতা করার শর্তও আরোপ করা হয়। কিন্তু অন্য মামলাগুলিতে গ্রেপ্তার দেখানো থাকায় তখনও তাঁকে জেলেই থাকতে হয়। মঙ্গলবার চতুর্থ মামলাতেও জামিন মঞ্জুর হওয়ায় তাঁর মুক্তির পথে আর কোনও আইনি বাধা থাকেনি। আদালতের নির্দেশ সংশোধনাগারে পৌঁছনোর পর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সন্ধ্যায় মুক্তি পান প্রাক্তন মন্ত্রী।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker