0%

তারকেশ্বরের পর এবার তারাপীঠ! কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীদের ওপর পুষ্পবৃষ্টির বড় পরিকল্পনা

AK Bangla Desk: কৌশিকী অমাবস্যাকে আরও জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় করে তুলতে বড় পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। তারকেশ্বরের শ্রাবণ মেলার আদলে এবার তারাপীঠে আগত লক্ষ লক্ষ পুণ্যার্থীর উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি অমাবস্যার আগেই তারাপীঠে একটি নতুন সেবা শিবিরের উদ্বোধন করতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দুই কর্মসূচিকে সামনে রেখে কৌশিকী অমাবস্যার প্রায় দেড় মাস আগেই প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের কার্যালয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে উৎসবের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং পুণ্যার্থীদের পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আগামী ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। প্রতি বছর এই তিথিতে তারাপীঠ মন্দিরে কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মন্দির পরিচালনায় নতুন কমিটি গঠন করা হয়েছে এবং একাধিক নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। এবার নতুন সরকারের অধীনে কৌশিকী অমাবস্যার আয়োজন আরও সুশৃঙ্খল ও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, বিপুল সংখ্যক ভক্তকে স্বাগত জানাতে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির প্রস্তাব নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। পরিকল্পনাটি চূড়ান্ত হলে অমাবস্যার দিন তারাপীঠ মন্দির চত্বরে তারকেশ্বরের মতোই আকাশ থেকে ফুল ছড়ানো হবে।

প্রস্তুতি বৈঠকে পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে পুজো দিতে পারেন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার, পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা, অস্থায়ী চিকিৎসা শিবির, জরুরি স্বাস্থ্য পরিষেবা, যান নিয়ন্ত্রণ, পার্কিং এবং ভিড় সামলানোর পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, বিধায়ক ধ্রুব সাহা এবং তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায়-সহ প্রশাসনের একাধিক আধিকারিক। বৈঠক শেষে কৃষিমন্ত্রী জানান, তারাপীঠের উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ, চলমান প্রকল্প এবং কৌশিকী অমাবস্যাকে আরও পরিকল্পিতভাবে আয়োজন করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভক্তদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানান তিনি। এ বছর তারকেশ্বরের শ্রাবণ মেলাকে কেন্দ্র করেও বড় পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। প্রতি রবিবার সেখানে পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হচ্ছে। এবার সেই একই ছবি কৌশিকী অমাবস্যায় তারাপীঠেও দেখা যেতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker