0%

Purulia Police Seize 322 Kg Cannabis

AK Bangla Desk: লরির নীচে তৈরি করা হয়েছিল বিশেষ গোপন কুঠুরি। তার ভিতরেই লুকিয়ে পাচার করা হচ্ছিল প্রায় ৩২২ কেজি গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকারও বেশি। তবে পুলিশের নজর এড়ানো গেল না। আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ। সোমবার গভীর রাতে গোবিন্দপুর-বালাসোর ১৮ নম্বর জাতীয় সড়কে পুরুলিয়া শহরে প্রবেশের মুখে বেলকুড়ি রামকৃষ্ণ মিশনের কাছে অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে একটি লরি এবং সেটিকে সামনে ও পিছন থেকে পাহারা দেওয়া দু’টি ছোট গাড়ি আটক করা হয়। তিনটি গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করার পাশাপাশি সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহ এড়াতে লরিটিকে বিশেষ কায়দায় দুটি ছোট গাড়ি দিয়ে এসকর্ট করা হচ্ছিল। আটক লরিতে প্রথমে তল্লাশি চালিয়েও মাদক পাওয়া যায়নি। পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এলাকার এক মেকানিকের সাহায্যে লরির নীচে তৈরি গোপন কুঠুরির সন্ধান মেলে। কুঠুরিটি খুলতেই বেরিয়ে আসে ছোট-বড় অসংখ্য প্যাকেট। পরীক্ষা করে দেখা যায়, সেগুলির ভিতরে গাঁজা ভর্তি রয়েছে। জাতীয় সড়কের পাশেই বৈদ্যুতিক ওজন মাপার যন্ত্র এনে মাদকগুলির ওজন করা হয়। সব মিলিয়ে প্রায় ৩২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃত সাতজনের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গের, একজন ওড়িশার এবং তিনজন বিহারের বাসিন্দা। তাঁদের বয়স ৩২ থেকে ৪৮ বছরের মধ্যে। ধৃতরা হলেন পূর্ব বর্ধমানের রাজু পাল ও জীবন দে, পশ্চিম বর্ধমানের উত্তমকুমার সিনহা, ওড়িশার গঞ্জামের কালিয়া লঙ্কা, বিহারের ভোজপুরের দীপককুমার সিং ও অজিতকুমার সিং এবং বক্সারের রঞ্জিতকুমার প্রসাদ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা পুলিশকে জানিয়েছে, নজরদারি এড়াতেই লরির ভিতরে বিশেষ গোপন কুঠুরি বানিয়ে সেখানে মাদক রাখা হয়েছিল। কোথা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা আনা হচ্ছিল এবং কোথায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পুরুলিয়া জেলা পুলিশের এই অভিযান নিয়ে সমাজমাধ্যমে প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, গত তিন দিন ধরে মাদকবিরোধী অভিযানে যুক্ত পুলিশকর্মীরা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে একটি বড় পাচার রুখেছেন। পুরুলিয়া পুলিশ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker