ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু প্রকাশ্যে আনল আইসিসি, রয়েছে ভারতের ‘অভিশপ্ত’ স্টেডিয়ামও

পরের বছর রয়েছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে এই বিশ্বকাপ। ২৪ বছর পর আফ্রিকায় হবে ক্রিকেটের মহা টুর্নামেন্ট। কোন কোন মাঠে ম্যাচ হবে, এবার সেটাও জানিয়ে দিল আইসিসি। মোট ১২টা মাঠ বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপের জন্য। সেখানে দক্ষিণ আফ্রিকা থেকে আছে ৮টি মাঠ। জিম্বাবোয়ের তিনটি ও নামিবিয়ার একটি মাঠে খেলা হবে।
প্রতিযোগিতা শুরু হবে ২০২৭ সালের ৪ অক্টোবর। ফাইনাল ২১ নভেম্বর। মোট ৫৪টি ম্যাচের মধ্যে ৪১টিই হবে দক্ষিণ আফ্রিকায়। জিম্বাবোয়ে আয়োজন করবে ৮ থেকে ১০টি ম্যাচ। নামিবিয়ার ঝুলিতে থাকবে তিনটি ম্যাচ। আফ্রিকায় তিন দেশের বিশ্বকাপের থিম, ‘তিন জাতি, এক হৃদস্পন্দন।’ ক্রিকেট দুনিয়ার কাছে আফ্রিকার বার্তা থাকবে, ‘উবুন্তু।’ যে দর্শনের অর্থ হল, ‘আমরা আছি বলেই আমি আছি।’ অর্থাৎ সবাইকে নিয়ে চলার বার্তা। মানবজাতি হিসেবে সহানুভূতি, দয়া এবং পরস্পরের প্রতি সম্পর্কের দ্বারাই মানুষের পরিচয় নির্ধারিত হয়। দুনিয়াকে আরও বড় করে দেখার বার্তাও আছে এর মধ্যে।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম, সেঞ্চুরিয়ন, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লোমফন্টেন, পার্লের বোল্যান্ড পার্ক, কুগোম্পো সিটির বাফেলো পার্কে ম্যাচগুলো হবে। এর মধ্যে জোহানেসবার্গে ভারত ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরেছিল। জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়ে ও ফালে মোসি-ও-তুনিয়া এবং নামিবিয়ার উইন্ডহোকের মাঠে ম্যাচগুলো হবে। তবে কোথায় কোন ফাইনাল-সেমিফাইনাল হবে, সেটা জানানো হয়নি।
Three nations. One heartbeat. 1️⃣2️⃣ venues. One unforgettable #CWC27 in sight
For more details and to register your interest for the event ➡️ https://t.co/QLxDyjmGjC pic.twitter.com/1jyOQcjiaN
— ICC (@ICC) July 30, 2026
আইসিসি সভাপতি জয় শাহ বলেছেন, “স্টেডিয়ামের নাম ঘোষণার মধ্যে দিয়ে বিশ্বের অন্যতম সেরা স্পোর্টস ইভেন্টের সূচনা হল। আমরা আশাবাদী, ২০২৭-এ তিন দেশে একটা দারুণ বিশ্বকাপ হবে।” উল্লেখ্য, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট ২০২৩ সালের আসরের থেকে বেশ আলাদা হতে চলেছে। এবার আইসিসি ২০০৩ সালের বিশ্বকাপে ব্যবহৃত ফরম্যাট ফিরিয়ে আনছে। ১৪টি দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৭টি করে দল। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ তিনটি দল জায়গা করে নেবে ‘সুপার সিক্স’ পর্বে। এরপর সুপার সিক্সের পয়েন্ট তালিকায় সেরা চারটি দল সেমিফাইনালে উঠবে। ২১ নভেম্বর হবে ফাইনাল। যেখানে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।
শেয়ার
লিংক



