0%

PM Narendra Modi: ‘কঠিন দায়িত্ব আমাদের পালন করতেই হবে’, সোশ্যাল মিডিয়ায় ফের বড় বার্তা মোদীর

ইনস্টাগ্রামে নতুন বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরImage Credit: Social Media

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় ফের যুবসমাজকে নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যন্তর মন্তরে বিক্ষোভের সময় তাঁকে এবং তাঁর প্রয়াত মাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত তরুণ-তরুণীদের ক্ষমা করে দেওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী। শুক্রবার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, তাদের শাস্তি, দীর্ঘ আইনি প্রক্রিয়া বা সামাজিকভাবে হেনস্থা না করে বরং সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত।

এদিন ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী বলেন, যন্তর মন্তরে যা ঘটেছে, তা শুধু দেশ নয়, গোটা বিশ্ব দেখেছে। তাঁর কথায়, “শুধু আমিই নই, আমার প্রয়াত মা-ও অত্যন্ত আপত্তিকর ভাষার শিকার হয়েছেন। এ ধরনের ভাষার কোনও সভ্য সমাজে স্থান নেই।”

এই ঘটনাকে ঘিরে দেশজুড়ে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তার উল্লেখ করে মোদী বলেন, বিশেষ করে তরুণীদের মুখে এমন ভাষা শুনে অনেকেই মর্মাহত হয়েছেন। তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, তরুণরা ভুল করতেই পারে এবং তাদের সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ দেওয়া উচিত। প্রধানমন্ত্রী বলেন, “এই তরুণদের আপন করে নেওয়ার এবং সঠিক পথ দেখানোর এটাই সময়। তারা বিপথে পরিচালিত হয়েছে। তাদের সঠিক পথে ফিরিয়ে আনা আমাদের সকলের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “তাদের শাস্তি দেওয়া, বারবার আদালতে যেতে বাধ্য করা বা সমাজে হেনস্থার শিকার হতে দেওয়ার মাধ্যমে কোনও ইতিবাচক পরিবর্তন আসবে না। আমি তাদের ক্ষমা করতে চাই। সমাজেরও আমার এই আবেদন গ্রহণ করা উচিত।”

নিজের বক্তব্য ব্যাখ্যা করতে একটি উপমাও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “অনেক সময় জিভ দাঁতের ফাঁকে পড়ে কেটে যায়, রক্তও বের হয়। কিন্তু তাই বলে কেউ নিজের দাঁত ভেঙে ফেলে না, কারণ জিভ আর দাঁত—দুটোই নিজের। একইভাবে, এই তরুণ-তরুণীরাও আমাদেরই সন্তান। তাদের সঠিক পথে চালিত করাই আমাদের দায়িত্ব। বিপথগামীদের ফিরিয়ে আনা কঠিন কাজ, কিন্তু সেই কঠিন দায়িত্ব আমাদের পালন করতেই হবে।”

বার্তার শেষে দেশের যুব সমাজকে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আসুন, দেশের জন্য আমরা একসঙ্গে কাজ করি। নতুন কিছু শিখি, নিজেদের ভুল থেকে শিক্ষা নিই এবং স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাই।” তিনি আরও জানান, দেশের যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য। অতীতের ভুলকে পিছনে ফেলে ইতিবাচক মানসিকতা নিয়ে দেশের উন্নয়নে অংশ নেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker