0%

ফের বঙ্গ জুড়ে দুর্যোগের পূর্বাভাস, পাহাড়ে ধসের আশঙ্কা

AK Bangla 24×7 Digital: শুক্রবারও উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি অব্যাহত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বর্ষণের জেরে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা থাকায় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অতিবৃষ্টির কারণে তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি কৃষিক্ষেত্রেও ক্ষতির আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপের সরাসরি প্রভাব না থাকায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। নিম্নচাপটি মধ্যপ্রদেশের দিকে সরে যাওয়ায় শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে এবং কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

কলকাতায় শনিবার থেকে সোমবার পর্যন্ত মূলত বিক্ষিপ্ত হালকা বা ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে দু-এক পশলা বৃষ্টি হলেও ভারী বর্ষণের সম্ভাবনা কম। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা খুব বেশি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হতে পারে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার থেকে শহরেও বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।

 

 

 

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker