চন্দ্রনাথ রথ খুনে বড় ফাঁস! সিবিআইয়ের জালে ২ সুপারি কিলার, সামনে আসতে পারে মাস্টারমাইন্ড

বাংলা হান্ট ডেস্ক : চন্দ্রনাথ রথ হত্যা মামলার (Chandranath Rath Murder) তদন্তে আরও এক ধাপ এগোল সিবিআই। বহুদিনের তদন্তের পর এবার দুই সন্দেহভাজন সুপারি কিলারকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই গ্রেপ্তারির ফলে হত্যাকাণ্ডের নেপথ্যের মূল পরিকল্পনাকারী এবং সম্ভাব্য বড় চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
চন্দ্রনাথ রথ হত্যা মামলায় (Chandranath Rath Murder) সিবিআই
সিবিআইয়ের হাতে ধরা পড়েছে সাগর সুনকার ও শায়েদ সুনকার নামে দুই ব্যক্তি। তদন্তকারী সংস্থার দাবি, দুজন সুপারি কিলার। তাদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্র এবং অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের বিশ্বাস, ধৃতদের জেরায় এই খুনের পরিকল্পনা কীভাবে তৈরি হয়েছিল এবং কারা এর সঙ্গে যুক্ত ছিল, সেই বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।
বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা সম্ভাব্য যোগসূত্র একত্র করে গোটা ষড়যন্ত্রের চিত্র স্পষ্ট করার চেষ্টা চলছে। এই মামলায় এর আগেই উত্তরপ্রদেশ থেকে গোলু সিং, বিকাশ মিশ্রা এবং জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনুকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তাঁদের জেরায় উঠে আসা তথ্যের ভিত্তিতে সাগর সুনকার ও শায়েদ সুনকারের সন্ধান মেলে। শেষ পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। ঘটনার পর প্রথমে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। পরে মামলার গুরুত্ব বিবেচনা করে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। তারপর থেকেই রাজ্যের বাইরে ছড়িয়ে থাকা যোগসূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।

আরও পড়ুন : নয়া মাস পড়তেই সুখবর! ২০০ টাকারও বেশি সস্তা ,LPG Cylinder, কলকাতায় কত হল দাম?
প্রসঙ্গত, ৬ মে, রাতে নিজাম প্যালেস থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন চন্দ্রনাথ রথ। অভিযোগ, সেই সময় থেকেই দুষ্কৃতীরা তাঁর গাড়িকে অনুসরণ করছিল। মধ্যমগ্রামে পৌঁছতেই খুব কাছ থেকে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথ রথের। তদন্তে উঠে এসেছে, এই হামলার আগে দীর্ঘদিন ধরে নজরদারি চালানো হয়েছিল। এই মামলায় একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করে সিবিআই। এবার আরও দুই সন্দেহভাজন সুপারি কিলার ধরা পড়ায় তদন্তে নতুন গতি এসেছে।




